বিজেপি নেতারা ত্রাণ দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে: দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i78720-বিজেপি_নেতারা_ত্রাণ_দিতে_গেলে_পুলিশি_বাধার_মুখে_পড়তে_হচ্ছে_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে মানুষের মধ্যে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তাঁর দাবি, বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গেলে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩১, ২০২০ ১৭:২২ Asia/Dhaka
  • ত্রাণ বিতরণ করছেন দিলীপ ঘোষ
    ত্রাণ বিতরণ করছেন দিলীপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে মানুষের মধ্যে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তাঁর দাবি, বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গেলে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।

রাজ্য বিজেপি নেতা সব্যসাচী দত্ত ত্রাণ বিলি করতে গেলে তাঁকে বাধা হয়েছে অভিযোগ করে আজ (মঙ্গলবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন মুখ্যমন্ত্রী যা করেছেন তা মোটেই সেবা নয়, পুরোটাই রাজনীতি ছিল। তাহলে আমরাও রাজনীতি করি। যদি উনি সেবা করে থাকেন, তাহলে আমাদের সেবা করতে আপত্তি কোথায়?’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘লকডাউনের মধ্যে মুখ্যমন্ত্রী ৫০ জনকে নিয়ে বেরোচ্ছেন, আর সেই ‘নাটক’ দেখার জন্য ১০০ জন ভিড় করছেন। উনি সবাইকে বলছেন বাড়িতে থাকুন, আর নিজে ঘুরে বেড়াচ্ছেন! ওঁর কথা কেউ শুনছেন না,  সেজন্য পুরোপুরি লকডাউন হচ্ছে না।’ তাঁর দাবি, কোলকাতার পার্ক সার্কাস, রাজাবাজার এলাকায় লকডাউনের নামে কার্যত মেলা চলছে।

ত্রাণ বিতরণ করছেন দিলীপ ঘোষ

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেরিয়েছি। তাঁর নেতা-মন্ত্রীরা বেরোলে ‘করোনা’ ছড়াবে না, আর আমরা বেরোলে ছড়াবে, এটা ভুল। অনেক লোক খেতে পাচ্ছেন না, রেশন নেই, বাজারে জিনিস নেই,  ভিন রাজ্যের শ্রমিকরা আটকে পড়েছেন, এসব দেখে আমাদের মনে হয়েছে বেরোনো দরকার।’

দিলীপ বাবু আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এক সপ্তাহ বাড়িতে বসেছিলাম। দলের কাউকে বেরোতে বলিনি। কিন্তু মুখ্যমন্ত্রী, তাঁর নেতা-মন্ত্রীরা বেরিয়েছেন। আমাদের লোকেরা বলেছেন, ওঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা কেন দাঁড়াব না? অনেকে ফোন করেছেন আমায়। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে দিলীপ ঘোষ কোথায়? ঘরের মধ্যে লুকিয়ে আছে! আমরা বীরত্ব দেখাতে চাই না, রাজনীতিও করতে চাই না।’

এদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হলেও সরকার পক্ষে কাউকে এ নিয়ে এখনও পাল্টা জবাব দিতে দেখা যায়নি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১