ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার, মৃত শতাধিক
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার হয়েছে। মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে। আজ (সোমবার) সকালে স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশ, করোনায় এ পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭ জন। ২৪ ঘণ্টার মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে ৬৯৩। একইসঙ্গে ২৩২ জন সুস্থ হয়েছে।
ভারতে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে গতকাল (রোববার) আক্রান্তের সংখ্যা ৪৯০ থাকলেও আজ (সোমবার) সকালে তা ৬৯০ হয়েছে। অর্থাৎ নতুন করে ২০০ জন আক্রান্ত হয়েছে।
দ্বিতীয়স্থানে থাকা তামিলনাড়ুতে ৫৭১ জন আক্রান্ত হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল ৪৮৫ জন। অর্থাৎ নয়া আক্রান্তের সংখ্যা ৮৬।
তৃতীয়স্থানে রয়েছে রাজধানী দিল্লি ৫০৩-এ দাঁড়িয়ে রয়েছে। গতকালও একই সংখ্যা থাকায় নতুন করে এখানে বৃদ্ধি পায়নি।
এরপরেই চতুর্থস্থানে থাকা তেলেঙ্গানা রাজ্যে ৩২১ জন আক্রান্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ৫২ জন বৃদ্ধি পেয়েছে।
কেরালায় ৩১৪ জন আক্রান্ত হয়েছে। এখানে মাত্র ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
ভারতে করোনা মোকাবিলায় ‘জনতা কারফিউ’য়ের পরে এখন দেশজুড়ে ২১ দিনের লকডাউন পরিস্থিতি চলছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। গতকাল (রোববার) দিবাগত রাত ৯ টায় ৯ মিনিট ধরে মানুষজন বাসার আলো নিভিয়ে ঘরের দরজায়, ছাদে অথবা বারান্দায় প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইল ইত্যাদি জ্বালিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে প্রধানমন্ত্রী ওই আলো জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কেউ কেউ এসময় আতশবাজি পুড়িয়ে, শব্দ বাজি ফাটিয়ে, কাঁসরঘণ্টা বাজিয়ে কার্যত উৎসবে মেতে উঠেছিলেন। অনেকেই অবশ্য করোনা মোকাবিলায় বাসার আলো নিভিয়ে বাইরে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ওই আহ্বানে সাড়া দেননি। যদিও এসবের মধ্যেই বেড়ে চলেছে সংক্রমণ ও মৃত্যু মিছিল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।