করোনা ইস্যুতে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমের মুসলিম বিধায়ক গ্রেফতার
https://parstoday.ir/bn/news/india-i78891-করোনা_ইস্যুতে_বিতর্কিত_মন্তব্যের_অভিযোগে_অসমের_মুসলিম_বিধায়ক_গ্রেফতার
করোনাভাইরাস ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অসমের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) পুলিশ তাঁকে গ্রেফতার করে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৭, ২০২০ ১৪:৪৪ Asia/Dhaka
  • বিধায়ক আমিনুল ইসলাম
    বিধায়ক আমিনুল ইসলাম

করোনাভাইরাস ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অসমের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) পুলিশ তাঁকে গ্রেফতার করে।

অসমে করোনা আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন পরিকাঠামো ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অডিও ক্লিপে দাবি করেছেন, অসমের কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়াবহ ও খারাপ।

কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে চিকিৎসকরা দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে রাজ্যে ফেরা মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন বলেও বিধায়ক আমিনুলের অভিযোগ। এসব ছাড়াও বিধায়ক আমিনুল ইসলাম ‘অনেক স্পর্শকাতর ও আপত্তিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ।

গতকাল (সোমবার) অসমের ধিং কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছিল। পরে আজ (মঙ্গলবার) সকালে নগাঁও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

এআইইউডিএফের ওই বিধায়কের বিরুদ্ধে আগেও বিভিন্ন ইস্যুতে বেফাঁস মন্তব্য করার অভিযোগ ওঠায় বিড়ম্বনায় পড়তে হয় তাঁর দলকে। তাঁকে দল থেকে সতর্কও করা হয়েছিল বলে জানা গেছে। সংযতভাবে, ভেবেচিন্তে কোনও মন্তব্য করার জন্যও তাঁকে পরামর্শ দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও করোনার মতো স্পর্শকাতর ইস্যুতে তিনি বিতর্কিত মন্তব্য করায় এবং গ্রেফতার হওয়ায় তাঁর দলের কাউকে এখনও পর্যন্ত পাশে দাঁড়াতে দেখা যায়নি।

এ ব্যাপারে অসমের এআইইউডিফের কেন্দ্রীয় কমিটির এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।