পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/india-i78975-পাঞ্জাবে_লকডাউনের_মেয়াদ_বাড়ল_আগস্টে_মহামারী_বৃদ্ধির_আশঙ্কা_মুখ্যমন্ত্রীর
ভারতের পাঞ্জাবে করোনাভাইরাসের মোকাবিলায় সেখানে আগামী ১ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্য সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাবে এ পর্যন্ত ১৩২ টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ১১ জন মারা গেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ১৪:৩১ Asia/Dhaka
  • মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং
    মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

ভারতের পাঞ্জাবে করোনাভাইরাসের মোকাবিলায় সেখানে আগামী ১ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্য সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাবে এ পর্যন্ত ১৩২ টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ১১ জন মারা গেছেন।

দেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাঞ্জাবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ (শুক্রবার) আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজ্ঞানীরা এবং চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে জুলাই/আগস্টের মধ্যে ভারতে মহামারী চরমে পৌঁছে যাবে। অনুমান করা হচ্ছে যে, দেশে প্রায় ৫৮ শতাংশ ভারতীয় এতে আক্রান্ত হতে পারে। পাঞ্জাবের প্রায় ৮৭ % মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যে লকডাউন মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে বলেন, এটি অপসারণের এখন সঠিক সময় নয়। তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দ্বারা রাজ্যগুলোর জন্য নির্ধারিত ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ অপর্যাপ্ত এবং এইরকম পরিস্থিতিতে মোদি সরকারের উচিত রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া।’

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথমে লকডাউন করেছি এবং পরে কারফিউ করেছি। তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র লোকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের লোকেরা প্রতিটি এলাকায় পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ঘটনা শুরুর পরে প্রায় দেড় লাখ মানুষ বিদেশ থেকে পাঞ্জাবে এসেছিল। আমরা এনিয়ে তদন্ত করেছি এবং তাঁদেরকে আলাদা রেখেছি। এখন বেশিরভাগ মানুষ বিচ্ছিন্ন আবাস থেকে বেরিয়ে এসেছেন।’

তিনি করোনা মোকাবিলায় রাজ্য সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেসব এদিন বিস্তারিত উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।