মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স, লকডাউন বাড়ছে ৩০ এপ্রিল পর্যন্ত
-
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
করোনাভাইরাস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আজ (শনিবার) ওই বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রীই করোনা ঠেকাতে লকডাউন পরিস্থিতি বৃদ্ধির পক্ষে মত দেন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা জানিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘লকডাউন বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজ, অনেক উন্নত দেশের তুলনায় ভারতের অবস্থান আরও ভালো কারণ আমরা তাড়াতাড়ি লকডাউন শুরু করেছি। এখনই যদি এটি বন্ধ করা হয় তবে সমস্ত লাভ হারাতে হবে।’
এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে ওই মন্তব্য করা হলেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউন করতে হবে সফল এবং সক্রিয়ভাবে। তবে লকডাউনেও মানবিক দিকগুলো খেয়াল রাখতে হবে। মানুষের জীবন ও জীবিকার মধ্যে সমতা বজায় রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জোগান বাজায় রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে।’
তিনি আন্তর্জাতিক বিমান পরিসেবা, দূরপাল্লার ট্রেন চলাচল এবং আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার পক্ষে সাফাই দিয়েছেন। এছাড়া অসংগঠিত শিল্পের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন, কৃষিক্ষেত্রে বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি জানান। একইসঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে তাদের দেখভালের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দেশজোড়া লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর আবেদনসহ শিল্প এবং কৃষি ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়াসহ র্যারপিড টেস্ট কিট দ্রুত সরবরাহের আবেদন জানান।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সারা দেশে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পক্ষে সাফাই দেন। লকডাউন উঠলেও যেন ট্রেন, বাসের মতে গণপরিবহন এখনই না চালু হয়, সেই আবেদনও জানান অরবিন্দ কেজরিওয়াল।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের নীতিশ কুমারসহ অন্যরা শামিল ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১