ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন মোদি, বিরোধীদের সমালোচনা
https://parstoday.ir/bn/news/india-i79066-ভারতে_৩_মে_পর্যন্ত_লকডাউনের_মেয়াদ_বাড়ালেন_মোদি_বিরোধীদের_সমালোচনা
করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা করেন। ২১ দিনের লকডাউনের শেষে আজ নতুন করে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৪, ২০২০ ০৯:১৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা করেন। ২১ দিনের লকডাউনের শেষে আজ নতুন করে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, সারা দেশ থেকে একটাই পরামর্শ আসছে, করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন বাড়ানো হোক। সেই কারণেই আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। ৩ মে পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন। লকডাউনের নিয়ম কঠোরভাবে মেনে চলুন।

প্রধানমন্ত্রী বলেন ২১ দিনের লকডাউনের পর এখন বোঝা যাচ্ছে, ভারত যে রাস্তা নিয়েছে, সেটা একেবারে ঠিক। তবে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। কিন্তু দেশের মানুষের জীবনের মূল্যের তুলনায় তা কিছুই নয়।

এদিকে, ভারতে এ পর্যন্ত ১০ হাজার ৩৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে এবং ৩৩৯ জন মারা গেছে। ১ হাজার ৩৬ জন সুস্থ হয়েছে। আজ সকাল ৮ পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।

রণদীপ সূর্যেওয়ালা

অন্যদিকে, ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, করোনা সংক্রমণ মোকাবিলায় অনেক কিছু করা হয়েছে কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের রোডম্যাপ কী?

তিনি বলেন, ‘দেশবাসী ২১ দিনের লকডাউন মেনেছে, এবার ২০ দিনের লকডাউনও মানবে। কিন্তু নেতৃত্বের অর্থ কেবল দেশবাসীকে দায়বদ্ধতার কথা মনে করিতে দেওয়া নয়। বরং জনগণের প্রতি সরকার ও শাসকের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নির্বাহ করা। অনেক কথা হয়েছে কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ের রোডম্যাপ কোথায়?’

কংগ্রেসের সিনিয়র নেতা দরিদ্রদের ভোগান্তি প্রসঙ্গে পি চিদাম্বরম বলেছেন, টাকা আছে, খাবার আছে কিন্তু সরকার দেবে না। কাঁদো আমার প্রিয় দেশবাসী।

কংগ্রেস নেতা অভিষেক সিংভি প্রধানমন্ত্রীর বক্তব্যকে আলঙ্কারিক, ফাঁপা  বলে অভিহিত করে দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।