ভারতে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু: ২০ এপ্রিল থেকে কিছুক্ষেত্রে লকডাউন শিথিল
https://parstoday.ir/bn/news/india-i79096-ভারতে_করোনায়_আরও_৩৯_জনের_মৃত্যু_২০_এপ্রিল_থেকে_কিছুক্ষেত্রে_লকডাউন_শিথিল
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১১ হাজার ৯৩৩ জন আক্রান্ত এবং মোট ৩৯২ জন মারা গেছে। একইসঙ্গে ১ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছে। আজ (বুধবার) বিকেল ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১০:৫৬ Asia/Dhaka
  • ভারতে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু: ২০ এপ্রিল থেকে কিছুক্ষেত্রে লকডাউন শিথিল

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১১ হাজার ৯৩৩ জন আক্রান্ত এবং মোট ৩৯২ জন মারা গেছে। একইসঙ্গে ১ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছে। আজ (বুধবার) বিকেল ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।

এদিকে, করোনাজনিত কারণে লকডাউন পরিস্থিতিতে ২০ এপ্রিল থেকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের কষ্ট লাঘব করতে আগামী ২০ এপ্রিলের পরে কৃষিক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থায় ছাড় দেওয়া হবে।

এছাড়া গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সড়ক নির্মাণ, কৃষিকাজের প্রকল্প, নির্মাণ ও শিল্প প্রকল্প, এমজিএনআরইজিএ-এর আওতায় কাজ, পানি সংরক্ষণের কাজ এবং সাধারণ পরিসেবা দেওয়ার কেন্দ্র খোলা রাখা হবে। ফসল উৎপাদন, বাজার বা জেলা প্রশাসন নির্ধারিত জায়গা থেকে পাইকারী ও খুচরো কৃষি পণ্য বিক্রি, শস্যের বীজ ও কীটনাশক বিক্রি করা যাবে। সাগরে বা নদী ও পুকুরে মাছ চাষ, মাছ পরিবহণ, পশুপালন, দুধ, পোলট্রি, চা, কফি, রাবার চাষকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।

উৎপাদিত কৃষিজাত পণ্য বিক্রির এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ থাকছে না। গ্রামীণ এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ, সেচ ইত্যাদির কাজ করা যাবে। জরুরি দ্রব্য নিয়ে পণ্য পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। রেল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ট্রাক চলাচল করতে পারবে। এক্ষেত্রে ট্রাকে দু’জন চালক ও একজন সহকারী থাকবে।

অন্যদিকে, আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলাকালীন গোটা দেশজুড়ে বাস, ট্রেন ও বিমান পরিসেবা বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।