পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতার উদ্দেশে অমিত শাহ’র চিঠি: তৃণমূলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i79735-পরিযায়ী_শ্রমিক_ইস্যুতে_মমতার_উদ্দেশে_অমিত_শাহ’র_চিঠি_তৃণমূলের_ক্ষুব্ধ_প্রতিক্রিয়া
ভারতে লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৯, ২০২০ ১৫:০০ Asia/Dhaka
  • অমিত শাহ- মমতা বন্দোপাধ্যায়
    অমিত শাহ- মমতা বন্দোপাধ্যায়

ভারতে লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

অমিত শাহের অভিযোগ, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার। অমিত শাহ চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গের কাছ থেকে আমরা আশানুরূপ সমর্থন পাচ্ছি না। পশ্চিমবঙ্গ সরকার ট্রেনগুলোকে রাজ্যে আসতে দিচ্ছে না। এটা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার, এরফলে তাঁদের পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে।

মুখ্যমন্ত্রীকে লেখা অমিত শাহের চিঠি নিয়ে কড়া সমালোচনা করেছেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি। তিনি বলেন, ‘অসত্য অভিযোগ করছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নন, এখনও তিনি বিজেপি সভাপতির মতো কাজ করছেন। অমিত শাহ যদি কাগজ পড়তেন, তাহলে জানতে পারতেন যে আজই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে ৮টা স্পেশাল ট্রেনে ৩১ হাজার মানুষকে ফিরিয়ে আনা হচ্ছে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারই করেছে। যেটুকু দেরি হয়েছে তার কারণ কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় ট্রেনগুলো বরাদ্দ করতে দেরি করেছে। অমিত শাহ বরং বলুন উনি পশ্চিমবঙ্গকে কী সাহায্য করবেন, আরও কটা ট্রেন দেবেন, তাহলে কাজ হয়। এই যে চিঠি লিখে সংবাদমাধ্যমে প্রকাশ করা, এটা একটা খারাপ রাজনীতি। এটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আশা করা যায় না।’

এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেছেন, ‘ধনী-দরিদ্রে ভেদাভেদ করে আপনারা ধনীদেরকে সারা পৃথিবী থেকে বিমানে করে নিয়ে আসছেন। ভালো করছেন, তাদেরও অসুবিধা। কিন্তু আপনারা গরীব মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনাদের সরকার গরীব মানুষকে বাধ্য করছে, খালি পায়ে, প্রখর রোদে, বিনা জলখাবারে রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসতে এবং গতকাল ১৬ জন মারা গেছেন। রেলমন্ত্রী ওই ঘটনার দায়িত্ব নেবেন? না এর দায়িত্ব ভারতে যে সরকার আছে, সেই সরকারের মাথা নেবে? আপনারা এটা ঠিক করুন।’

অন্যদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘এমন একটা সঙ্কটের মুহূর্তে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পর, নীরবতা ভঙ্গ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একগুচ্ছ মিথ্যা বলে মানুষকে বিপথে চালিত করছেন তিনি। তিনি সেই সমস্ত মানুষদের নিয়ে কথা বলছেন, যাঁদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল তাঁদের সরকারই। অমিত শাহ, আপনি আপনার অভিযোগ প্রমাণ করুন, অথবা ক্ষমা চান৷’

একইভাবে তৃণমূল নেতা ও দলীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।  উনি আর কত নীচে নামবেন’ বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/আব্দুল হাকিম/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।