ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, ৪ রাজ্যেই ৭৭ শতাংশ মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i80396-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_২_লাখ_ছাড়াল_৪_রাজ্যেই_৭৭_শতাংশ_মৃত্যু
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৮১৫ জন মারা গেছে। আজ (বুধবার) সকাল ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। দেশে গত ১৫ দিনে এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৩, ২০২০ ১০:২৫ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, ৪ রাজ্যেই ৭৭ শতাংশ মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৮১৫ জন মারা গেছে। আজ (বুধবার) সকাল ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। দেশে গত ১৫ দিনে এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। 

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৯ টি নয়া সংক্রমণ ও ২১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ লাখ ৩০৩ জন সুস্থ হয়েছে।

করোনা আক্রান্ত বিভিন্ন রাজ্যের মধ্যে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য।

ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট-এই চারটি রাজ্যেই ১ লাখ ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের ৬৬ শতাংশই ওই চার রাজ্যের বাসিন্দা।   

অন্যদিকে, করোনায় মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি ও মধ্য প্রদেশ- এই চারটি রাজ্যেই সর্বাধিক বেশি ৪ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মোট মৃতের মধ্যে ৭৭ শতাংশই ওই চার রাজ্যের বাসিন্দা।  

ভারতে করোনা আক্রান্ত হয়ে যে ৫ হাজার ৮১৫ জন মারা গেছে তার মধ্যে ২ হাজার ৪৬৫ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত সেখানে ৭২ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪১৭ জন আক্রান্ত ও ২৯ জন মারা গেছে।

রাজধানী দিল্লিতে করোনার প্রকোপে ৫৫৬ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে ২২ হাজার ১৩২ জন আক্রান্ত হয়েছে।

তামিলনাড়ুতে ২৪ হাজার ৫৮৬ জন আক্রান্ত ও ১৯৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনায় এ পর্যন্ত ৩৩৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে ৬ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।