বিজেপি’র বড্ড মাথাব্যথা, শ্রমিকদের জন্য সহানুভূতিমূলক কী কাজ করেছেন: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি’র বড্ড মাথাব্যথা, শ্রমিকদের জন্য সহানুভূতিমূলক কী কাজ করেছেন? আপনারা যদি (করোনা ইস্যুতে) লকডাউন করবার আগে তিন দিন বা সাত দিন ধরে শুধু ‘শ্রমিক এক্সপ্রেস’ (এক্সপ্রেস ট্রেন) চালিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতেন, তাহলে তিন মাস ধরে ওই শ্রমিকদের গাদাগাদি করে অসহায় অবস্থায় বাইরে কাটাতে (ভিন রাজ্যে) হতো না।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ওই মন্তব্য করেন। গতকাল (মঙ্গলবার) দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ এক ভার্চুয়াল সভায় লকডাউনের মধ্যে ট্রেনে করে শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানো ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করেছিলেন। মমতা আজ ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাল্টা সমালোচনা করে জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেখেও তো শিক্ষা নেওয়া উচিত। বাংলা থেকে তো কেউ (শ্রমিক) ফিরে যেতে চায়নি। কারণ, বাংলায় আমরা তাঁদের যত্ন নিয়েছিলাম। বাংলায় তাঁদের ঘর আছে, তাঁদের কাজ আছে, তাঁদের থাকার জায়গা আছে। তাই তাঁরা ফিরে যেতে চায়নি। তাহলে বলুন মহারাষ্ট্রে (বাংলার) কেন লোকেদের এত কষ্ট হল?’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় সরকারকে ‘লকডাউন গভর্নমেন্ট’ বলে কটাক্ষ করে বেতন দেওয়ার ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে কাজ করা শ্রমিক সমাজকে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।