পশ্চিমবঙ্গের রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছেন: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i80654-পশ্চিমবঙ্গের_রাজ্যপাল_পক্ষপাতমূলক_আচরণ_করছেন_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পক্ষপাতমূলক আচরণ করছেন বলে রাজ্যের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম
    পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পক্ষপাতমূলক আচরণ করছেন বলে রাজ্যের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করছেন।

সম্প্রতি কোলকাতার গড়িয়া শ্মশানে দাবিদারহীন লাশ পোড়াতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক ও বিবাদের জেরে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে একাধিক টুইট করেন রাজ্যপাল। এরপর থেকে রাজ্যপাল ও শাসকদলের নেতা-নেত্রীরা রাজ্যপালের সমালোচনায় সোচ্চার হয়েছেন। আজ শনিবার ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যপাল জানেন না যে, রাজ্যের প্রধান হলে তাঁকে রাজ্য সরকার বা সরকারি সংস্থাকে আক্রমণ করতে নেই। তাকে উপদেশ দিতে হয়। কিন্তু গণমাধ্যমে তাকে আক্রমণ করতে নেই। এরআগে কোনও রাজ্যপাল গণমাধ্যম বা টুইটে রাজ্য সরকার বা রাজ্যের কোনও সংস্থাকে আক্রমণ করেছেন তা আমরা দেখিনি। তার কারণ, যদি তিনি টুইটে আক্রমণ করেন তাহলে তিনি তো পক্ষপাতমূলক রাজনীতি করছেন! আপনি পক্ষপাতিত্বে চলে গেছেন।’ ফিরহাদ হাকিম আরও বলেন, ‘রাজ্যের প্রধান হিসেবে আপনি আমাকে উপদেশ দিতেই পারেন, জবাবদিহি চাইতে পারেন। কিন্তু টুইট করা হয়ে গেলে আপনি রাজ্যের প্রধানের ‘অলঙ্কার’ ছিলেন সেটা হারিয়ে যায়। আমাদের কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করছেন এবং সেভাবেই কাজ করবেন। করুণকাহিনী জানানোর কিছু নেই। আমাদের কর্মকর্তারা মাথা উঁচু করে কাজ করছেন এবং ভালো কাজ করছেন।’

রাজ্যপাল জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘যে ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রীকে এরমধ্যে জড়াবেন না। মুখ্যমন্ত্রীকে এরমধ্যে আনা মানেই তো আপনি রাজনীতি করছেন। দিলীপ ঘোষ (বিজেপি নেতা), সুজন চক্রবর্তী (সিপিএম নেতা) মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারেন। কিন্তু আপনি এরমধ্যে তাঁকে টানছেন কেন? আপনি তো প্রধান। আপনি বলেন ‘আমার সরকার’। আপনার সরকারের মুখ্যমন্ত্রীকে এরমধ্যে টানছেন কেন? যদি তিরস্কার করতে হয়, বকতে হয় আপনি আমাকে বকুন। আমার সংস্থাকে বকুন। মুখ্যমন্ত্রী বা সরকার এনিয়ে কী করবে?’

তিনি কোনও বিষয়ে ধামাচাপা দিচ্ছেন না বলেও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাফ জানিয়ে দেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।