কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ গেরিলা নিহত, এক বছরে শতাধিক মৃত্যু
-
এই মসজিদে ঢুকেই দুই গেরিলাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ, গত ২৪ ঘণ্টার মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় সংঘর্ষে গেরিলারা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোপিয়ানে ৫ এবং অবন্তিপোরার পামপোরে ৩ গেরিলা নিহত হয়েছে।
অবন্তিপোরার পামপোরে যে ৩ গেরিলা নিহত হয়েছে তাদের মধ্যে ২ গেরিলা মসজিদে ঢুকে পড়েছিল। তারা আজ সকালে নিহত হয়। নিরাপত্তা বাহিনী গেরিলাদের নিহত হওয়ার ঘটনাকে তাদের ‘বড় সাফল্য’ বলে মনে করছে। গত ২ সপ্তাহের মধ্যে কমপক্ষে ২ ডজন গেরিলা নিহত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে।
সোপিয়ান ও অবন্তিপোরার সংঘর্ষ প্রসঙ্গে আজ সেনাবাহিনীর ১৫ কোরের লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু বলেন, "দুটি পৃথক সংঘর্ষে ৮ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ১০২ সন্ত্রাসী নিহত হয়েছে। আমাদের সেনারা অসাধারণ কর্মক্ষমতা প্রদর্শন করেছে। অবন্তিপোরায় মসজিদের কোনও ক্ষতি না করেই তিন সন্ত্রাসীকে নিধন করা হয়েছে। আমি শান্তি বজায় রাখার জন্য কাশ্মীরের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা নিশ্চিত করব যে, উপত্যকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় আনা যায়। যারা মূলধারায় ফিরে আসতে চায় তাদের আমরা পুনর্বাসন দেবো।"
জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আমরা একটি সফল অপারেশন চালাতে সক্ষম হয়েছি। তিনি উপত্যকার যুবকদের উদ্দেশ্যে সন্ত্রাসের পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
দিলবাগ সিং বলেন, সন্ত্রাসীদের হত্যা করা আমাদের পক্ষে আনন্দের বিষয় নয়, তবে তারা যখন এ জাতীয় পথ বেছে নিয়েছে তখন আমাদের কাছে কোনও বিকল্প নেই। আমাদের অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং আমরা এটি চালিয়ে যাব বলেও জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।