ভারতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫ হাজার
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ২৮২ জন করোনা আক্রান্ত এবং মোট ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। দেশে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এ পর্যন্ত ৬ হাজার ১৭০ মারা গেছেন। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭৫ জনের। এছাড়া গুজরাটে এক হাজার ৬৬৩, তামিলনাড়ুতে ৭৫৭, পশ্চিমবঙ্গ ৫৫৫, উত্তরপ্রদেশ ৫৫০, মধ্যপ্রদেশ ৫১৫, রাজস্থান ৩৪৯ এবং তেলেঙ্গানায় ২১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন আধাসামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) জওয়ান জিতেন্দ্র কুমার (৪১) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় গত ১০ জুন তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ (সোমবার) এনিডিটিভি জানিয়েছে, করোনা মহামারীতে এ পর্যন্ত সিআইএসএফের ৬ জওয়ানের মৃত্যু হল। কর্মকর্তারা বলেন, আধাসামরিক বাহিনী সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং সিআইএসএফ জওয়ানদের মধ্যে মোট ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে।
দেশের বিভিন্ন ক্ষেত্রে আধাসামরিক বাহিনীর ১০ লাখের বেশি জওয়ান মোতায়েন রয়েছে। তারা আইন-শৃঙ্খলা সামলানো, সীমান্ত রক্ষা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।