কেন্দ্রীয় সরকার বাংলায় ৬০ শতাংশ মানুষের রেশন নিয়ে বৈষম্য করছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i81083-কেন্দ্রীয়_সরকার_বাংলায়_৬০_শতাংশ_মানুষের_রেশন_নিয়ে_বৈষম্য_করছে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে কেন্দ্রীয় সরকার বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এসংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০২০ ১৫:০৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে কেন্দ্রীয় সরকার বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এসংক্রান্ত মন্তব্য করেন।

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেছে। কিন্তু আমি এটা আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম। ওনারা আজ দেবেন কিন্তু কাল দেবেন না। পশ্চিমবঙ্গে যে রেশন ওনারা দিচ্ছেন তা ৬০ শতাংশ মানুষ পাচ্ছেন, বাকি ৪০ শতাংশ মানুষ পাচ্ছেন না। ওনারা যেটা ১০০ শতাংশ দেওয়া হচ্ছে বলেছেন সেটা ভুল বলেছেন। আমার এখানে ১০ কোটি মানুষ। ওনারা যেটা দেন অর্ধেক দেন, অর্ধেক মানুষকে দেন না। আমার বাংলায় ১০ কোটি লোক থাকলে ৬ কোটি লোক রেশন পায়। বাকি ৪ কোটি মানুষ রেশন পায় না। এই ৪ কোটি মানুষকে কেন দেবে না? বাংলার সঙ্গে এই বঞ্চনা কেন?’

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘গোটা ভারতে ১৩০ কোটি মানুষ  আছে। সেই ১৩০ কোটি মানুষকেই যেন রেশন দেওয়া হয়। বাংলাতেও ওনাদের দেয়া রেশন ৬০ শতাংশ মানুষ পায়, ৪০ শতাংশ মানুষ পায় না। এটা ১০০ শতাংশ করা হোক।’ মমতা এদিন রেশনে দেওয়া চালের মান প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় সরকার এফসিআই থেকে চাল নেয়। ওদের চালের মান খারাপ। আমরা চাষিদের থেকে নিই সেজন্য আমাদের চাল ভালো।’

মুখ্যমন্ত্রী আজ লকডাউন শিথিল পর্যায়ে বেসরকারি চালানো নিয়ে বাস মালিকদের টালবাহানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল বুধবার থেকে রাস্তায় বেসরকারি বাস না নামালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বেসরকারি বাস সরকার নিয়ে নেবে এবং চালক দিয়ে সেই বাস চালানো হবে বলেও সাফ জানিয়ে দেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।