৮ পুলিশ হত্যার মাস্টারমাইন্ড বিকাশ দুবে 'এনকাউন্টারে' নিহত, সমালোচনার মুখে যোগী সরকার
https://parstoday.ir/bn/news/india-i81343-৮_পুলিশ_হত্যার_মাস্টারমাইন্ড_বিকাশ_দুবে_'এনকাউন্টারে'_নিহত_সমালোচনার_মুখে_যোগী_সরকার
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ৮ পুলিশ হত্যার মাস্টারমাইন্ড বিকাশ দুবে নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় গ্যাংস্টার বিকাশ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১০, ২০২০ ১৬:২০ Asia/Dhaka
  • বিকাশ দুবে
    বিকাশ দুবে

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ৮ পুলিশ হত্যার মাস্টারমাইন্ড বিকাশ দুবে নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় গ্যাংস্টার বিকাশ।

গতকাল (বৃহস্পতিবার) পুলিশ তাকে মধ্য প্রদেশের উজ্জয়নীর মন্দির থেকে গ্রেফতার করেছিল। পুলিশের এডিজি প্রশান্ত কুমার আজ বলেন, ‘উত্তর প্রদেশ এসটিএফ পুলিশ তাকে কানপুরে আনছিল। কিন্তু কানপুরে পৌঁছনোর আগেই পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এরফলে দু’জন পুলিশ কর্মী আহত  হন। এসময় বিকাশ আহত পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তা না শুনে হত্যার উদ্দেশ্যে পুলিশের দিকে গুলিবর্ষণ করতে থাকে। এসময় আত্মরক্ষা করতে বাধ্য হয়ে পুলিশ পাল্টা পদক্ষেপ গ্রহণ করলে সে আহত হয়। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৪ পুলিশ কর্মী এবং এসটিএফের ২ কম্যান্ডো আহত হয়েছেন।’

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। কার্যত ওই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘আসলে গাড়ি উল্টে যায়নি। ওই গাড়ি না উল্টে গেলে সরকার উল্টে যেত।’

উত্তর প্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেন, ‘যা আশঙ্কা করছিলাম, তাই হলো। কোন কোন নেতার সঙ্গে বিকাশ দুবের যোগসাজশ ছিল, পুলিশ এবং আমলাদের সঙ্গে ওর কী সম্পর্ক ছিল, তা আর প্রকাশ্যে আসবে না। গত ৩/৪ দিনে বিকাশ দুবের অন্য দুই সঙ্গীরও এনকাউন্টার হয়েছে। কিন্তু প্রত্যেকের এনকাউন্টারের ধরন এক রকমের কেন?’

দিগ্বিজয় সিং গতকালই বিকাশ দুবে গ্রেফতার হওয়ার পরে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘যারা তাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেয় তারা তাকে হত্যা করতে পারে। সেজন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি তদন্ত করা উচিত। উত্তর প্রদেশের পুলিশ হত্যাকারী গ্যাংস্টার বিকাশ দুবেকে  বিচারবিভাগীয় হেফাজতে রাখা হোক এবং নিরাপত্তা দেওয়া হোক। যারা ওই গ্যাংস্টারকে রাজনৈতিক সুরক্ষা দেয় কেবল তারাই তাকে হত্যা করতে পারে।’

শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীর কটাক্ষ, ‘বিকাশের মৃত্যুতে বাঁশও থাকল না, আর বাঁশিও বাজবে না।’

প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘অপরাধী না হয় শেষ হয়ে গেল কিন্তু অপরাধীকে যারা নিরাপত্তা দিয়ে আসছিল, তাদের কী হবে?’ তিনি কানপুর পুলিশ হত্যাকাণ্ড থেকে বিকাশ দুবের গ্রেফতারি, গোপনে কারা তাকে সহযোগিতা জুগিয়ে আসছিল, সেসবের সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন বলে গত কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘এনকাউন্টারে মৃত্যু বিকাশ দুবের। এমনটা যে হতে চলেছে, আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও অধরাই।

১) যদি পালাতেই হতো, তাহলে সে উজ্জয়িনীতে ধরা দিল কেন?

২) অপরাধী এমন কী জানত, যা প্রকাশ্যে এলে শাসকের চেহারাটা সামনে চলে আসত?

৩) অপরাধীর গত ১০ দিনের কল রেকর্ড প্রকাশ করা হল না কেন?’

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি’র মন্তব্য- ‘বিচার করা আদালতের কাজ। পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে পৌঁছে দেওয়া। দেখে অবাক হচ্ছি যে, বিজেপিশাসিত ভারতে দু’টোর ভূমিকা বদলে গিয়েছে।’  ‘যোগীজির এনকাউন্টার রাজে যদি কারও মৃত্যু হয়ে থাকে, সেটা ন্যায় বিচারের’ বলেও মহুয়া মৈত্র মন্তব্য করেন।

গত (বৃহস্পতিবার) গভীর রাতে বিকাশ দুবে ও তার দলবলের গুলিতে উত্তর প্রদেশের কানপুরে কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে পাকড়াও করার চেষ্টা করছিল। বৃহস্পতিবার তাকে পুলিশ পাকড়াও করতে সমর্থ হলেও আজ পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে গ্যাংস্টার বিকাশ দুবে। তার বিরুদ্ধে ৬০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ//এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।