‘ভারতে ২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়’
https://parstoday.ir/bn/news/india-i81352-ভারতে_২০২১_সালের_আগে_করোনা_ভ্যাকসিন_তৈরি_করা_সম্ভব_নয়’
ভারতে ২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। গতকাল (শুক্রবার) বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্যানেলকে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধিকর্তা গবেষকদের আগামী ১৫ আগস্টের মধ্যে করোনার টিকা বের করার নির্দেশ দিয়েছিলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১১, ২০২০ ০৬:৩০ Asia/Dhaka
  • ‘ভারতে ২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়’

ভারতে ২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। গতকাল (শুক্রবার) বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্যানেলকে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধিকর্তা গবেষকদের আগামী ১৫ আগস্টের মধ্যে করোনার টিকা বের করার নির্দেশ দিয়েছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়, আইসিএমআর এবং সরকারি পক্ষে টিকা তৈরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। সেই উপস্থিতিতেই ওই তথ্য সামনে এনেছেন তাঁরা।

সংসদীয় কমিটির কাছে কর্মকর্তারা বলেন, ‘বিশ্বের চাহিদা মেনে সংক্রমিত রোগের প্রায় ৬০ শতাংশ ভ্যাকসিন তৈরি করে ভারত। আমাদের আশা এবারেও পথিকৃৎ হবে দেশ।’

সংসদীয় কমিটির সঙ্গে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিনিধিরা। সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার কে বিজয় রাঘবনও ছিলেন ওই বৈঠকে।  

আইসিএমআর বলেছিল, কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালগুলো শেষ হয়েছে। সফলও হয়েছে। খুব শিগগিরি হিউম্যান ট্রায়ালও হয়ে যাবে। শেষ পর্যায়ে সাফল্য পেলে ১৫ আগস্টের মধ্যে কোভিড ভ্যাকসিন এসে যাবে। আইসিএমআর ইতোমধ্যে সমস্ত স্টেকহোল্ডারকে চিঠি দিয়েছে এই ট্রায়ালটিকে যেন শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। এরপরেই এ নিয়ে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলেন, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সাফল্যের বিষয়টি তুলে ধরে চমক দেওয়ার লক্ষ্যেই ওই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সীতারাম ইয়েচুরি

সিপিএমের সর্বভারতীয় মহাসচিব সীতারাম ইয়েচুরি ওই ইস্যুতে বলেন, ‘মহামারীর হাত থেকে মানব সভ্যতাকে বাঁচাতে ভ্যাকসিন একমাত্র বিকল্প। বিশ্ব সেই ভ্যাকসিন আবিষ্কারের অপেক্ষায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবনীতে কোনও কিছু চাপিয়ে দেওয়া যায় না। স্বাস্থ্যবিধি ও মানব নিরাপত্তা উপেক্ষা করে তড়িঘড়ি মানব ট্রায়াল সম্পন্ন করা আদতে প্রধানমন্ত্রীকে ১৫ আগস্টের  (স্বাধীনতা দিবস) ভাষণের অংশ করে দেওয়া।’

সীতারাম ইয়েচুরির প্রশ্ন- ‘ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন ছাড়া কীভাবে আইসিএমআর টিকা বাজারে ছাড়ার দিন ঘোষণা করল? কতজনের দেহে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে? ১৪ আগস্টের মধ্যে কী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ সম্পন্ন করা সম্ভব?’

এসবের পরে অবশেষে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্যানেলকে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা আগামী ২০২১ সালের আগে দেশে করোনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন।#

পার্সটুডে/এমএএইচ//এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।