ইসলামবিদ্বেষী পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, মন্দির পাহারায় মুসলিমরা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে।
আজ (বুধবার) সকালে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত এ ব্যাপারে অবমাননাকর পোস্ট শেয়ারের অভিযোগে নবীন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো।
কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)-কে কটূক্তি করে একটি পোস্ট শেয়ার করায় বিধায়কের বাসভবন ও স্থানীয় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে তিনজন জন নিহত হন। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ৬০ পুলিশকর্মী আহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে ডিজে হাল্লি ও কেজি হাল্লি এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে ১১০ জনকে গ্রেফতার করেছে।
এদিকে, সহিংসতার মধ্যেও বেঙ্গালুরুতে দেখা যায় এক অনন্য নজির। হিন্দুদের মন্দিরে যাতে কোনো ধরনের অশান্তি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মুসলিম যুবকরা মানব ঢাল তৈরি করে মন্দির পাহারা দেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।