জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে: ডা. ফারুক আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i83894-জম্মু_কাশ্মীরের_বিশেষ_মর্যাদার_জন্য_আমাদের_লড়াই_অব্যাহত_থাকবে_ডা._ফারুক_আব্দুল্লাহ
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ১৫, ২০২০ ১৭:৪৯ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে: ডা. ফারুক আব্দুল্লাহ

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই মন্তব্য করেছেন।

আজ ডা. ফারুক আব্দুল্লাহর বাসায় এক বিশেষ বৈঠকে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ৩৭০ ধারা যা গতবছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে তা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে একমত হয়েছেন।

অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই বৈঠকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মীর, সিপিএম নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামী প্রমুখ উপস্থিত ছিলেন। 

কমপক্ষে দুই ঘন্টা ধরে চলা ওই বৈঠকের পরে ডা. ফারুক আবদুল্লাহ বলেন, তাঁরা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জম্মু-কাশ্মীরের সমস্যার সমাধান রাজনৈতিক। পরবর্তী রণকৌশলের জন্য আমরা ফের বৈঠক করব। ডা. ফারুক আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, এতদিন ধরে মেহবুবাজিকে আটক রাখা অবৈধ ছিল। কারাগারে এখনও অনেক লোক রয়েছেন যাদের মুক্তি দেওয়া উচিত। আমরা চাই ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণকে তাদের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) ফিরিয়ে দিক।

গতবছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণের পরে সেখানকার শীর্ষ নেতা-নেত্রীসহ বহু মানুষকে গ্রেফতার করা হয়। কয়েকমাস ধরে আটক থাকার পরে ধাপে ধাপে সাবেক মুখ্যমন্ত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। সেখানকার   সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে দীর্ঘ ১৪ মাস আটক রাখার পরে গত (মঙ্গলবার) রাতে মুক্তি দেওয়া হয়। এরপরে গতকাল (বুধবার) মেহেবুবা মুফতির বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ডা. ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ। আজই প্রথম বিভিন্ন বিরোধীদলীয় নেতারা ডা. ফারুক আব্দুল্লাহর বাসায় বড় বৈঠকে বসলেন। উপস্থিত নেতারা ৩৭০ ধারা অপসারণের নিন্দা করেন এবং এটি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েছেন। ওই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।