বিহারে নীতিশ কুমার রাজ্য চালাতে পারছেন না, সরকার ব্যর্থ: তেজস্বী যাদব
-
তেজস্বী যাদব
ভারতের বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের সমালোচনা করে বলেছেন, নীতিশ কুমার রাজ্য চালাতে পারছেন না। রাজ্যের ‘ডাবল ইঞ্জিন’-এর সরকার সম্পূর্ণ ব্যর্থ।
তিনি আজ (শুক্রবার) বিহারের কাহালগাঁওয়ে এক নির্বাচনী সমাবেশে ওই মন্তব্য করেন। তেজস্বী বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শিক্ষা, উন্নয়ন, বেকারত্ব, স্বাস্থ্য থেকে দারিদ্র্য ইস্যুতে কথা বলতে চান না। আমাকে যদি বিহারের মানুষ একটি সুযোগ দেয় তাহলে আমি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা কারখানা গড়া, বিনিয়োগ আনার কাজ করব। বিহারের বর্তমান ‘ডাবল ইঞ্জিন সরকার’ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
শুক্রবার তেজস্বী যাদব কাহালগাঁও বিধানসভা কেন্দ্রের সনোখরে কংগ্রেস প্রার্থী শুভানন্দ মুকেশের সমর্থনে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময়ে তিনি বলেন, (বিজেপি নেতৃত্বাধীন) এনডিএ সরকারের আমলে রাজ্যে বেকারত্ব বেড়েছে। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি।
তিনি বলেন, রাজ্যে মহাজোট সরকার গঠন করা হলে নিয়োগকৃত শিক্ষকরা সমান কাজের জন্য সমান বেতন পাবেন এবং একইসাথে তাদের পরিবারকেও 'বার্ধক্য ভাতা’র ব্যবস্থা করা হবে।
তেজস্বী যাদব বলেন, রাজ্যে মহাজোট সরকার গঠিত হলে প্রথম সইয়ে ১০ লাখ বেকারকে চাকরি দেওয়া হবে। রাজ্যে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট সরকারকে কটাক্ষ করে তেজস্বী যাদব বলেন, "রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’-এর সরকার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি বা বিশেষ প্যাকেজও দেওয়া হয়নি। জাতীয় মহাসড়ক ৮০-এর অবস্থাও খুব খারাপ।"
এদিকে আজ আজ বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ি দেবী বলেন, "নীতিশ-বিজেপি ৩৪ জন এতিম মেয়েকে ধর্ষণকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের নির্বাচনে টিকিট দিয়েছে। নারী ও মেয়েরা তাঁর 'রাক্ষসী' শাসনের অধীনে নিরাপদ নয়। এখানে প্রতি চার ঘণ্টায় একটি ধর্ষণ ঘটনা ঘটে। ওঁরা বিহারকে ধর্ষণের রাজ্য বানিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র পরিসংখ্যান এর সাক্ষী।"
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি-জেডিইউ জোটের বিরুদ্ধে আরজেডি-কংগ্রেস ও অন্যদল মহাজোট গড়ে নির্বাচনী ময়দানে নেমেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।