বিহারের সরকার প্রতারণা করেছে, ১০ নভেম্বর বিদায় নিশ্চিত: তেজস্বী যাদব
-
তেজস্বী যাদব
ভারতের বিহার বিধানসভার বিরোধীদলনেতা ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিহারের বর্তমান সরকার (জেডিউ-বিজেপি জোট) জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই সরকারের বিদায় নিশ্চিত।
রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও আরেজডি নেতা তেজস্বী যাদব আজ (রোববার) মোকামায় এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিহারে আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।
তেজস্বী যাদব বলেন, বিগত ১৫ বছর ধরে প্রতারণা করা সরকারের বিদায় ১০ নভেম্বর নিশ্চিত। এসময়ে তিনি উপস্থিত জনতাকে আরজেডি প্রার্থী অনন্ত কুমার সিংহের পক্ষে ভোট দেওয়ার আবেদন করেন। তিনি বলেন, আমি কেবল পাঁচ বছরের সুযোগ চাইছি। একটি সুযোগ অবশ্যই পাওয়া উচিত।
তেজস্বী যাদব বলেন, তাঁর সরকার গঠন করা হলে মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হবে বিহারের ১০ লাখ যুবকদের কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা করা। দীর্ঘদিন ধরে নিয়োজিত শিক্ষকরা সম কাজে সমান বেতনের দাবি জানিয়ে আসছেন। তার সরকার গঠিত হলে এটি সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য যে অর্থ নেওয়া হয় তাও তুলে দেওয়া হবে।
তেজস্বী যাদব বর্তমান জেডিইউ-বিজেপি জোট সরকারের সমালোচনা করে বলেন, ১৫ বছর ধরে থাকা এই সরকার কেবল মানুষকে প্রতারণা করেছে। লকডাউন চলাকালীন, সরকার অভিবাসী শ্রমিকদের সাহায্য না করে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। লকডাউনে শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া এ ধরণের সরকারকে বিধানসভায় লকডাউন করতে জনগণকে কাজ করা উচিত। রাজ্যে বেকারত্ব ও বিদ্বেষের অবসান ঘটানোর সময় এসেছে। রাজ্য থেকে অভিবাসন বন্ধে এবং বেকারত্বের অবসান ঘটাতে নীতীশ কুমারের নেতৃত্বাধীন রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও আরজেডি নেতা তেজস্বী যাদব মন্তব্য করেন।
বিহারে আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর মোট তিন দফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।