বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে তৃতীয় ও শেষপর্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/india-i84471-বিহারে_বিক্ষিপ্ত_সহিংসতার_মধ্যে_তৃতীয়_ও_শেষপর্বে_বিধানসভা_নির্বাচন_অনুষ্ঠিত
ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যদিয়ে তৃতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) মোট ৭৮ আসনে নির্বাচন হয়। সন্ধ্যা ৫ টা পর্যন্ত ৫৩.৭২ শতাংশ ভোট পড়েছে বলে ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেল জানিয়েছে।    
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৭, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে তৃতীয় ও শেষপর্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত

ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যদিয়ে তৃতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) মোট ৭৮ আসনে নির্বাচন হয়। সন্ধ্যা ৫ টা পর্যন্ত ৫৩.৭২ শতাংশ ভোট পড়েছে বলে ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেল জানিয়েছে।    

আজ নির্বাচনের মধ্যে পুর্ণিয়া জেলার সারসিতে আরজেডি নেতা বিট্টু সিংয়ের ছোট ভাই বেনী সিংকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে। অন্যদিকে, পুর্ণিয়ার একটি বুথে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র বিবাদের জেরে ভোটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আধাসামরিক বাহিনী সিআইএসএফ জওয়ানরা প্রথম লাঠিচার্জ ও পরে শূন্যে গুলিবর্ষণ করে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ এ ব্যাপারে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।

বিহারে ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’জোট এবং আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘মহাজোট’-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে এনডিএ জোট, সরকারবিরোধী বিষয়গুলো এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। অন্যদিকে, আরজেডি-নেতৃত্বাধীন ‘মহাজোট’ সম্পূর্ণভাবে সরকারবিরোধী প্রচারণায় উজ্জীবিত হয়েছিল।

বিহারে ২৪৩ সদস্যের বিধানসভার নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত পর্বের অংশ হিসেবে আজ ১৫ টি জেলার ৭৮ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার ছিলেন প্রায় ২ কোটি ৩৪ লাখ। এই পর্বের ভোটে ১ হাজার ২০৪ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এই প্রার্থীদের মধ্যে বিধানসভার স্পিকার এবং রাজ্য মন্ত্রিসভার ১২ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

আজ একইসঙ্গে বাল্মিকিনগর লোকসভা আসনে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। জেডিইউ সংসদ সদস্য বৈদ্যনাথ মাহাতোর মৃত্যুর কারণে সেখানে উপ-নির্বাচন হয়েছে। এখানে জেডিইউ দল প্রয়াত বৈদ্যনাথ মহাতোর ছেলে সুনীল কুমারকে টিকিট দিয়েছে। কংগ্রেস তাঁর বিরুদ্ধে সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা প্রবেশ কুমার মিশ্রকে দাঁড় করিয়েছে।

বাল্মিকিনগরের মতো যে ৭৮ টি বিধানসভা আসনে ভোট হয়েছে, তারমধ্যে অনেকগুলো আসন উত্তর বিহারে এবং গঙ্গা নদীর উত্তরে অবস্থিত। এরমধ্যে কয়েকটি আসন কোসী-সীমাঞ্চল এলাকায়, যেখানে এনডিএ এবং মহাজোটের লড়াইয়ের মধ্যে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি’র ভালো প্রভাব রয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত ও শেষপর্বে যে ১ হাজার ২০৪ জন প্রার্থী মাঠে রয়েছেন, তার মধ্যে ১১০ জন নারী প্রার্থী। এই পর্বে মূলধারার দলের মধ্যে বিজেপির ৩৫ জন, জেডিইউয়ের ৩৭ জন এবং আরজেডির ৪৪ জন প্রার্থী মাঠে রয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।