বিহার বিধানসভার ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে এনডিএ জোট
ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট এগিয়ে রয়েছে। রাজ্যে আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘মহাজোট’ এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল থেকে রাজ্যটিতে ভোট গণনা শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল আসতে মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২০১৫ সালে ৩৮টি ভোট গণনা কেন্দ্র ছিল, এ বার তা বেড়ে হয়েছে ৫৫টি। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ভোট গণনা চলায় এবার চূড়ান্ত ফলাফল আসতে অনেকটাই দেরী হবে বলে জানা গেছে।
আজ সন্ধ্যা ৫টা পর্যন্ত মোট ২৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ১২৫, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট ১০৮, এলজেপি-১ এবং অন্যরা ৯ টি আসনে এগিয়ে রয়েছে। বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপে ‘মহাজোট’ জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বলে জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এ পর্যন্ত ‘এনডিএ’ জোট এগিয়ে রয়েছে। বিজেপি এমপি মনোজ তিওয়ারি বিহারে এনডিএ জোট পুনরায় ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন।
অন্যদিকে, আরজেডি’র পক্ষ থেকে আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয় ভোট গণনা গভীর রাত পর্যন্ত চলবে। তাদের দাবি, রাজ্যে ‘মহাজোট’ জয়ী হয়ে সরকার গড়বে। সেজন্য সমস্ত প্রার্থী ও কাউন্টিং এজেন্টকে গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে বলা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।