বিহারে সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, কটাক্ষ, কংগ্রেস-আরজেডি’র
https://parstoday.ir/bn/news/india-i84661-বিহারে_সপ্তম_বারের_জন্য_মুখ্যমন্ত্রী_হচ্ছেন_নীতিশ_কুমার_কটাক্ষ_কংগ্রেস_আরজেডি’র
ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (রোববার) বিহারের রাজধানী পাটনায় নীতীশ কুমারের বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ বিধায়কদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যান নীতীশ। নয়া সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরে নীতীশ কুমার বলেন, আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় শপথ অনুষ্ঠান হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০২০ ২০:৩০ Asia/Dhaka
  • ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার
    ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার

ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (রোববার) বিহারের রাজধানী পাটনায় নীতীশ কুমারের বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ বিধায়কদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যান নীতীশ। নয়া সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরে নীতীশ কুমার বলেন, আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় শপথ অনুষ্ঠান হবে।

এনডিএতে বিজেপি’র সর্বাধিক ৭৪ বিধায়ক রয়েছে। অন্যদিকে, নীতিশের জেডিইউ-এর রয়েছেন ৪৩ জন বিধায়ক। জোটের সহযোগী ‘হাম’ এবং ‘ভিআইপি’ দলের ৪ টি করে আসন রয়েছে।

এনডিএতে নীতিশ কুমারের দল জেডিইউ কম আসন পাওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী হতে যাওয়ায় কটাক্ষ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ার। তিনি আজ বলেন, ‘নীতীশ কুমার যতই আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হোন না কেন, এবার রাজ্যের লাগাম অন্য কারও হাতে থাকবে এবং নীতীশ রিমোটচালিত মুখ্যমন্ত্রী হবেন।’ সংবাদ সংস্থা এএনআইয়ের সাথে আলাপকালে তারিক আনোয়ার আরও বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক কৌশলগত কারণে নীতীশ কুমারকে দুর্বল করেছে।

অন্যদিকে, আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, শেষমেশ ৪০ আসন পাওয়া ব্যক্তি কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? বিহার বিধানসভা নির্বাচনের ম্যান্ডেট তাঁর বিরুদ্ধে। তাঁকে খুব খারাপভাবে পরাজিত করা হয়েছে এবং এই বিষয়ে তাঁর ভাবা উচিত ছিল। যদিও বিহার তার নিজস্ব বিকল্প খুঁজে পাবে, যা আচমকা হবে। মনোজ ঝা-এর দাবি, এটি এক সপ্তাহের মধ্যে, দশ দিন বা এক মাসের মধ্যে হবে।#

 পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।