বিহারে মুখ্যমন্ত্রী'র শপথ নিলেন নীতিশ কুমার, কটাক্ষ তেজস্বীর 
https://parstoday.ir/bn/news/india-i84679-বিহারে_মুখ্যমন্ত্রী'র_শপথ_নিলেন_নীতিশ_কুমার_কটাক্ষ_তেজস্বীর
ভারতের বিহার রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (সোমবার) বিকেলে রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’-এর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
নভেম্বর ১৬, ২০২০ ১৫:৪৬ Asia/Dhaka
  • জেডিইউ প্রধান নীতীশ কুমার
    জেডিইউ প্রধান নীতীশ কুমার

ভারতের বিহার রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (সোমবার) বিকেলে রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’-এর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।

এ নিয়ে নীতীশ কুমার সাতবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। একইসঙ্গে একটানা চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আজ জেডিইউ প্রধান নীতীশ কুমার ছাড়াও বিজেপি কোটা থেকে দু'জন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী শপথ নিয়েছেন। অন্যদিকে, জেডিইউ কোটা থেকে মন্ত্রী পদে অশোক চৌধুরী, বিজয় চৌধুরী, মেভালাল চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শীলা মণ্ডল শপথ নিয়েছেন। বিজেপি’র মঙ্গল পাণ্ডে, জীবেশ মিশ্র, রামপ্রীত পাসওয়ান,  অমরেন্দ্র প্রতাপ সিং এবং রামসুরত রায় মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন।  

এ ছাড়া 'হাম' দল থেকে সন্তোষ মাঝি এবং ‘ভিআইপি’ দল থেকে মুকেশ মাল্লা মন্ত্রী পদে শপথ নিয়েছেন। সন্তোষ মাঝি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির ছেলে। এ বার ‘হাম’-এর পক্ষ থেকে জিতন রামও জিতেছেন।

আজ শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিস-সহ বিজেপি’র সিনিয়র নেতা এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, জেডিউ নেতা নীতিশ কুমারের শপথ প্রসঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদব কটাক্ষ করে বলেছেন, ‘সম্মানিত শ্রী নীতীশ কুমারজীকে মুখ্যমন্ত্রী ‘মনোনীত’ করার জন্য শুভেচ্ছা। আমি আশাবাদী যে, চেয়ারটির উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে বিহারের জনকল্যাণ এবং এনডিএ’র ১৯ লাখ চাকরি-কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, উপার্জন, সেচ, বিষয়ে সরকার অগ্রাধিকার দেবে।’ 

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আরজেডি দল এনডিএ জোটের জয়কে ভালোভাবে মেনে নিতে পারছে না। তাদের দাবি, বিহারের ম্যান্ডেট এনডিএ’র বিরুদ্ধে গেছে। #

পার্সটুডে/এমএএইচ/আমির/১৬