বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন: শিবসেনা
https://parstoday.ir/bn/news/india-i84726-বিহারের_মুখ্যমন্ত্রী_নীতিশ_কুমার_বিজেপি’র_চাপে_পদত্যাগ_করতে_বাধ্য_হবেন_শিবসেনা
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছে শিবসেনা। আজ (বুধবার) দলটির মুখপত্র ‘সামনা’য় ওই মন্তব্য করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে কটাক্ষ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২০ ১৬:৩৬ Asia/Dhaka
  • বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন: শিবসেনা

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছে শিবসেনা। আজ (বুধবার) দলটির মুখপত্র ‘সামনা’য় ওই মন্তব্য করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে কটাক্ষ করা হয়েছে।

জেডিইউ নেতা নীতিশ কুমার গত (সোমবার) বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-এর মুখ্যমন্ত্রী হয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলে  জেডিইউ তৃতীয় স্থানে থাকলেও নীতিশ কুমার বিজেপির অনুগ্রহে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে শিবসেনার পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে।

শিবসেনা মুখপাত্র ‘সামনা’য় বলা হয়েছে, ‘নামেই মুখ্যমন্ত্রী নীতীশ। তাঁকে নাকাল করে পদত্যাগপত্র দিতে বাধ্য করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরিকল্পনা করেই সেজন্য দু’জন উপ-মুখ্যমন্ত্রী চাপিয়ে দেওয়া হয়েছে।’

শিবসেনা বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারকে একটু বেশিই ভালবাসেন। আসনসংখ্যা বেশি ছিল বলে মহারাষ্ট্রে শিবসেনাকে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দিতে আপত্তি ছিল বিজেপি’র। কিন্তু বিহার বিধানসভা  নির্বাচনে যে দল (জেডিইউ) তৃতীয় স্থানে নেমে এসেছে, তাদের হাতেই  মুখ্যমন্ত্রিত্বের শিরোপা তুলে দিয়েছে তারা! কী মহানুভবতা! রাজনীতিতে  এমন পরিত্যাগ সত্যিই বিরল! কিন্তু প্রশ্ন হল, নীতীশ কুমার কতদিন এই ‘অনুগ্রহের বোঝা’ বইতে পারবেন?’

বিহারে নীতিশ কুমার মন্ত্রীসভায় বিজেপি এবার তারকিশোর প্রসাদ এবং রেণুদেবীকে উপ-মুখ্যমন্ত্রী করেছে। জেডিইউ প্রধান ও মুখ্যমত্রী নীতীশ কুমারকে চাপে রাখতেই তার ঘাড়ের উপরে বিজেপি নিজেদের দুই বিধায়ককে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চাপিয়ে দিয়েছে বলেও দাবি করেছে শিবসেনা। বিহারে দু’জন উপ-মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও সাফাই দেওয়া হয়নি।  #

 পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।