বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ‘ভাইপো’ বলে অভিহিত না করে আমার নাম নিয়ে দেখান। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনও মন্তব্য করলে বিজেপি নেতাদের আদালতের দরজায় টেনে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (রোববার) দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি নেতাদের টার্গেট করে বলেন, ‘আমাকে যেখানেই কেউ আক্রমণ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি। ২০১৭ সালে মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রথম সভা করেছিলেন ধর্মতলায়। আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন আমি মামলা করেছিলাম। মুকুল রায় বলেছিলেন, ‘বিশ্ব বাংলা’ কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাইকোর্টে নিয়ে গিয়ে ল্যাজে-গোবরে করে পরাজিত করেছি। পরবর্তীকালে কখনও দিলীপ ঘোষ, কখনও বাবুল সুপ্রিয়, কখনও রাহুল সিনহা, কখনও কৈলাশ বিজয়বর্গীয়, কখনও অমিত শাহ, কখনও নরেন্দ্র মোদি আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়ে এসে যা জবাব দেওয়ার তা আমি দিয়েছি। তারফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না। তার পরিবর্তে বলছে ‘ভাইপো’!’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে? যদি থাকে তাহলে ভাববাচ্যে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। আপনাদের যদি কোর্টের দরজায় টানতে টানতে না নিয়ে আসতে পারি, আমি এক বাপের ব্যাটা নই।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতাদের কাউকে ‘বহিরাগত’ কাউকে ‘গুণ্ডা’ বলে অভিহিত করে ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
বিজেপি নেতারা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘ভাইপো’ বলে অভিহিত করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশে অভিযোগ করছেন। তার জবাবে আজ বিজেপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।