ভারতে কৃষক আন্দোলন তীব্র হচ্ছে, ৮ ডিসেম্বর বনধের ডাক
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি তিনটি কৃষি সংক্রান্ত আইনের প্রতিবাদে কৃষকরা একটানা কিছুদিন ধরে যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন আরও তীব্র হতে যাচ্ছে।
ওই ইস্যুতে কৃষকদের পক্ষ থেকে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনরত কৃষকরা আগামীকাল সারাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পোড়ানোর ঘোষণাও দিয়েছেন। ভারতের দিল্লি ও দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে কৃষকরা কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ (শুক্রবার) কৃষক নেতা রকেশ টিকায়েত বলেন, তিনটি কৃষি আইনের প্রতিবাদে ৮ ডিসেম্বর একদিনের ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তিনি আজ দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের গাজিয়াবাদে ওই মন্তব্য করেন।
অন্যদিকে, আজ সিঙ্ঘু সীমান্তে সংবাদ সম্মেলন করতে আসা কৃষকরা বলেন, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ইস্যুতে সরকারের সাথে আলোচনা চলছে। কিন্তু আমরা কৃষি সংক্রান্ত তিনটি আইনই প্রত্যাহার করাবো। এক কৃষক নেতা বলেন, আমরা আন্দোলন আরও তীব্র করব। ৮ ডিসেম্বর ভারত বনধ হবে। একইসঙ্গে, সমস্ত টোল প্লাজাও বন্ধ থাকবে। এ ছাড়া দিল্লিতে আসা সমস্ত সড়ক বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান।
আন্দোলনকারী কৃষক নেতারা বলেন, আজ তামিলনাড়ু ও কর্ণাটকে আমাদের প্রতিবাদ-বিক্ষোভ ছিল। এবার ওই কৃষকদেরও দিল্লিতে আসতে বলা হয়েছে। তারা গোটা দেশের কৃষকদের দিল্লিতে আসার আহ্বান করে কঠোর আন্দোলন চলবে বলে জানান। এনিয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই বলেও তারা মন্তব্য করেছেন।
কৃষক নেতা যুদ্ধবীর সিং বলেছেন, আমরা তিনটি আইন প্রত্যাহার করা ছাড়া কোনও সমঝোতা করব না। এছাড়াও, ন্যূনতম সহায়তা মূল্যের (এমএসপি) গ্যারান্টিও প্রয়োজন।
কৃষক নেতারা বলেছেন, কর্ণাটকে ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার বাইরে কৃষকদের ধর্না-অবস্থান হবে। বাংলায় সড়ক অবরোধ কর্মসূচি হবে। কোনও সরকারেরই এই আন্দোলনের সামনে দাঁড়ানোর সাহস নেই বলেও কৃষক নেতারা মন্তব্য করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।