পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি, ১৯৪ আসনে এগিয়ে
https://parstoday.ir/bn/news/india-i159146-পশ্চিমবঙ্গে_বিধানসভা_নির্বাচনে_জয়ের_পথে_বিজেপি_১৯৪_আসনে_এগিয়ে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস।
(last modified 2026-05-04T14:49:49+00:00 )
মে ০৪, ২০২৬ ২০:২৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যামানা শেষ। এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।

রাজ্য বিজেপির নেতা–কর্মীরা এরইমধ্যে বিজয় উদ্‌যাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে।

এ নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। যাঁদের নাম এসেছে তাঁরা হলেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।

বাংলায় পদ্ম ফুটেছে, মানুষের স্বপ্ন পূরণে সবকিছু করবে বিজেপি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের আভাস পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদি বলেন, বাংলায় পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের শক্তির জয় হয়েছে। বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে কুর্নিশ করছি।’

মোদি বলেছেন, ‘বাংলার মানুষ বিপুল ভোটে বিজেপিকে জয়ী করেছে। আমি তাঁদের আশ্বাস দিচ্ছি, বিজেপি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন এক সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

এদিকে, বাকি চারটি রাজ্য অসম,কেরল,তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের এখন পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে তা হচ্ছে-অসমে মোট আসন ১২৬ টি। সেখানে  বিজেপি ১০১ আসনে এগিয়ে আছে। নিকটতম দল কংগ্রেস ২ টিতে এগিয়ে আছে।

কেরল রাজ্যের বিধানসভা নির্বাচনের মোট আসন-১৪০ টি। সেখানে ইউডিএফ এগিয়ে আছে ৮৯ টি আসনে। নিকটতম দল এলডিএফ ৩৫ টিতে এগিয়ে আছে।

তামিলনাড়ুতে মোট বিধানসভা মোট আসন-২৩৮ টি। টিভি ১০৮ টি আসনে এগিয়ে আছে। নিকটতম দল এডিএমকে এগিয়ে আছে ৫১ টি আসনে।

পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩০ টি। এনডিএ সেখানে এগিয়ে আছে ১৮ টিতে আর নিকটতম দল ইন্ডিয়া ৬ টি আসনে এগিয়ে আছে।’#

পার্সটুডে/জিএআর/৪