বিজেপির ‘উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মৃত ১, বনধের ডাক
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় উলেন রায় (৫০) নামে এক বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল (মঙ্গলবার) ১২ ঘণ্টার জন্য উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ওই বনধ।
বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগে আজ (সোমবার) ‘উত্তরকন্যা’ অভিযান চালায় বিজেপি৷ রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে গুরুতরভাবে আহত হন তিনি। আহত ওই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে অবশ্য ওই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আজ বিজেপির ওই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একইসঙ্গে ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে বিজেপি কর্মীদের প্রতিহত করার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের যাবতীয় বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে তাদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশ প্রথমে পানিকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। কিন্তু বিজেপি কর্মীরা পুলিশের উদ্দেশ্যে পাল্টা ইটপাথর নিক্ষেপ করলে পরিস্থিতি চরমে ওঠে। এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আগে থেকে ঘোষণা করে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলীয় কর্মীরা। তাঁদের উপরে নির্মমভাবে পুলিশ লাঠি চালিয়েছে।’ তাঁর দাবি, লাঠিচার্জেই উলেন রায় নামে তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।