পশ্চিমবঙ্গে এনআরসি-এনপিআর করতে দেবো না, এখানে সবাই নাগরিক : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i85215-পশ্চিমবঙ্গে_এনআরসি_এনপিআর_করতে_দেবো_না_এখানে_সবাই_নাগরিক_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যে কোনও এনআরসি করতে দেবো না। এনপিআর করতে দেবো না। ক্যা-ক্যা করে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে। কেন্দ্রীয় সরকার নয়।’তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল ময়দানে দলীয় এক জনসভায় ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২০ ১৫:১৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যে কোনও এনআরসি করতে দেবো না। এনপিআর করতে দেবো না। ক্যা-ক্যা করে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে। কেন্দ্রীয় সরকার নয়।’তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল ময়দানে দলীয় এক জনসভায় ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওপার বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলাতে উদ্বাস্তু হয়ে, ছিন্নমূল হয়ে এসেছেন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি। মনে রাখবেন এটা শুধু আমাদের বাড়ি নয়, এটা আপানাদেরও বাড়ি। নতুন করে কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তার কারণ, আপনারা প্রত্যেকে নাগরিক। আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন ক্যা-ক্যা, কা-কা বলে।’

মমতা বলেন, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’-এর নামে বিজেপি বাংলা থেকে বাংলার লোকেদের তাড়িয়ে দিতে চাচ্ছে। এটাই বিজেপি’র কাজ। বাংলার লোকেদের তাড়িয়ে দিয়ে ওরা বাংলাকে ‘গুজরাট’ বানাতে চায়। আমরা বলি তা হবে না-হবে না- হবে না। আমরা বাংলার মানুষ যে  ভাষায় কথা বলি, একে অপরকে আলিঙ্গন করি। একসাথে বাঙালি, অবাঙালি, হিন্দিভাষী, উর্দুভাষী, দক্ষিণ ভারতীয় হোক যারা বাংলায় থাকে তাঁরা বাংলার মানুষ হিসেবে চিহ্নিত। এবং তাঁরা বাংলার স্বীকৃত মানুষ।’

ভারতের কেন্দ্রীয় সরকার বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’(ক্যা/কা)-এর আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে এদেশে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনকে নাগরিকত্ব দেবে বলে আইন পাশ করেছে। এক্ষেত্রে মুসলিমদের বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা হওয়ায় বিরোধীরা ওই আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছেন।

সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলায় যারা বাস করেন তাঁরা সকলেই নাগরিক। সেজন্য আলাদা করে কারও প্রমাণপত্র দেওয়ার প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’ –এর বিরোধিতা করে বাংলায় এনআরসি-এনপিআর করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।