পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে : সুব্রত মুখোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i85241-পরিকল্পনা_করে_পশ্চিমবঙ্গকে_অশান্ত_করার_চেষ্টা_করা_হচ্ছে_সুব্রত_মুখোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২০ ১৫:৫৪ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।’

আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে বিজেপি’র সর্বভারতীয় সভাপতির কনভয়ে আক্রমণ প্রসঙ্গে রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সম্পর্কে বলেন, ‘নাড্ডা এবং তাঁর দলের লোকেরা ভিডিও করে প্ররোচিত করছিল। পরিকল্পনা মাফিক ঘটনা ঘটানো হয়েছে। যাতায়াতের পথে প্ররোচনা করা হচ্ছে। পাবলিসিটি নেওয়ার জন্য করার হচ্ছে। রাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। এই পরিকল্পনা সফল হবে না।’  

সুব্রত বাবু অবশ্য বলেন, ‘যদি কেউ অপরাধ করে, সে যদি আমাদের দলেরও হয় সে ক্ষেত্রে খতিয়ে দেখে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।  কাল থেকে রাজ্যে এসে পরিকল্পনা মাফিক গন্ডগোল সৃষ্টির চেষ্টা হচ্ছে।’

আজ পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে অজ্ঞাত লোকজন হামলা চালিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। বিজেপি নেতার মন্তব্য ‘ওই ঘটনা প্রমাণ করছে, এটা অসহিষ্ণুতার রাজ্য। আইনশৃঙ্খলাহীনতার রাজ্য। এই গুন্ডারাজ আর বেশিদিন চলবে না।’  জেপি নাড্ডা বলেন,  ‘দেখা গেল দিদির নিজের রাজ্যে কী অবস্থা। কিন্তু এই  গুন্ডারাজ, এই অরাজকতা বেশিদিন চলবে না। বিরোধীদের এই দমন-পীড়নের নীতি  আমরা বাংলা থেকে দূর করতে চাই। বাংলায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব।’

অন্যদিকে, তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, ‘ঘটনাটা ঘটেছে দেখেছি। পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে। তবে নড্ডার কনভয় তো আটকায়নি! ইট-পাথর না নিক্ষেপ হলেই ভাল হত। নাড্ডা তো আর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, যে তাঁর যাওয়ার পুরো রাস্তায় পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে!’    

রাজ্য পুলিশ ওই ঘটনা সম্পর্কে বলেছে,  নাড্ডার কনভয়ে তেমনকিছু  হয়নি। কনভয়ের পিছনের কয়েকটি গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়েছে’। দেবীপুর, ফলতায় কিছু দুষ্কৃতী আচমকা পাথর নিক্ষেপ করেছে। প্রত্যেকেই সুরক্ষিত আছেন। কী ঘটেছে, তদন্ত করে দেখা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।