আমি জেলে গেলেও বিজেপি’র কাছে মাথানত করব না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i85368-আমি_জেলে_গেলেও_বিজেপি’র_কাছে_মাথানত_করব_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি জেলে গেলেও বিজেপি’র কাছে মাথানত করব না। কংগ্রেস, সিপিএমের কাছে মাথানত করব না।’ তিনি আজ (বুধবার) কুচবিহারের রাসমেলা ময়দানে দলীয় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২০ ১৩:৪৪ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি জেলে গেলেও বিজেপি’র কাছে মাথানত করব না। কংগ্রেস, সিপিএমের কাছে মাথানত করব না।’ তিনি আজ (বুধবার) কুচবিহারের রাসমেলা ময়দানে দলীয় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা আজ বিজেপি নেতাদেরকে টার্গেট করে বলেন, ‘বাংলায় চলে এসেছে কিছু বাইরের গুণ্ডা। সব বাইরের গুণ্ডা। সব বহিরাগত চম্বলের ডাকাত! বাংলায় চলে এসেছে কিছু চম্বলের ডাকাত। কখনও পুলিশকে ভয় দেখাচ্ছে, কখনও তৃনমূলকে ভয় দেখাচ্ছে।’   

তিনি বলেন, ‘কেউ কেউ ভয় পায়। বিজেপি তো বলেই দিচ্ছে, হয় ঘরে, না হয় জেলে। সেজন্য ভয় পায়। কিন্তু আমায় যদি জেলে নিয়ে যায় আমি গর্ববোধ করব। আমি বিজেপির কাছে মাথানত করব না, সিপিএম, কংগ্রেসের কাছে মাথানত করব না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে মরব।’

মমতা বলেন, ‘পাড়ায় পাড়ায় আরএসএস ঢুকিয়ে দিয়েছে। এই আরএসএস কারা? বহিরাগত গুণ্ডা। কুচবিহারে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দিচ্ছে, এনআরসির নামে এনপিআরের নামে। আর এখানে এসে বলছে বিজেপিকে ভোট দাও। আরএসএসের গুণ্ডারা কারা? তাঁরা হিন্দু ধর্ম শেখাচ্ছে! আমি স্বামী বিবেকান্দের হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি আরএসএসের ঘৃণ্য হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যত মত, তত পথ।’

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘অনেক লড়াই করেছি। বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার  সারা শরীর কাটা, ফাটা, আমি ভয় পাই না। যদি বিজেপি মনে করে গোটা দিল্লিকে নিয়ে বাংলায় পড়ে থাকবে, আসুন  না একটা যুদ্ধ হয়ে যাক সামনাসামনি। কবে যুদ্ধ করবেন? কোথায় করবেন? এটা হবে রাজনৈতিক যুদ্ধ, গুণ্ডামির যুদ্ধ নয়, দাঙ্গার যুদ্ধ নয়। আসুন শান্তির যুদ্ধ করি। গণতন্ত্রের যুদ্ধ করি। কবে করবেন বলুন। জায়গা আপনারা ঠিক করুন। আপনাদের সাথে গুণ্ডারা থাকবে, আমার সাথে মানুষ থাকবে। আমি দেখতে চাই এই যুদ্ধে কে জয়লাভ করে।’   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ‘বিজেপি হঠাও-দেশ বাঁচাও’, ‘বিজেপি হঠাও-বাংলা বাঁচাও’, ‘আর নেই দরকার, দিল্লিতে দাঙ্গাবাজের সরকার’, ‘চোর-ডাকাতের সরকার’, লুঠেরাদের সরকার-আর নেই দরকার’ বলে স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।