বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য ষড়যন্ত্র চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i85690-বাংলার_সংস্কৃতির_মেরুদণ্ডকে_ভাঙবার_জন্য_ষড়যন্ত্র_চলছে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে।’ তিনি আজ (মঙ্গলবার) বোলপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka
  • বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য ষড়যন্ত্র চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে।’ তিনি আজ (মঙ্গলবার) বোলপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি চলছে। ধর্মান্ধ রাজনীতি, দাঙ্গার আখড়ায় পরিণত করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিশ্বভারতীতে অকথা, কুকথা চলছে। বিশ্বভারতী ও গোটা বাংলায় ঘৃণ্য ধর্মের  আমদানি করা হয়েছে। হিন্দু ধর্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি বিশ্বভারতীর ভাইস-চ্যান্সেলরকে ‘বিজেপির স্ট্যাম্প মারা’ বলেও কটাক্ষ করেন।

মমতা বিজেপি সম্পর্কে বলেন, ‘ওরা একটা ধর্মান্ধ রাজনীতির সূচনা করেছে। একটা উগ্র রাজনীতির জন্ম দিয়েছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সবাইকে ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু বাংলার  মানুষের সংস্কৃতি, রুচিবোধ এই রাজনীতিকে মেনে নেবে না।’    

মমতা আজ বিজেপি নেতাদের বিষয়ে বলেন, ‘এ মাটি হল সোনার মাটি। সেই মাটিতে এসে ওরা ফেক ও হেট রাজনীতি করছে। ভুয়ো ভিডিও ছড়িয়ে ঘৃণ্য রাজনীতি করছে। ওরা মানুষে মানুষে দাঙ্গা বাধিয়ে দিতে চায়। নির্বাচন এলে ওঁরা টাকা ছড়াতে শুরু করবে। ইতোমধ্যে ক্লাবে ক্লাবে টাকা দিতেও শুরু করেছে। টাকা দিলে নিয়ে নিন। বিজেপিকে ঘুরিয়ে দিন। টাকা দিলে আপনারা নিয়ে নিন, এটা জনগণের টাকা।’

মমতা বলেন, ‘বেশ কিছুদিন ধরে রবীন্দ্রনাথের বংলায়  অকথা কুকথা বাড়ছে। অমর্ত্য সেনকে (নোবেল জয়ী) আক্রমণ করা হচ্ছে। শান্তিনিকেতনের  আশ্রমিক থেকে অমর্ত্য সেন সবাই আজ আক্রান্ত! বিশ্বভারতীতে ঘৃণ্য, ধর্মান্ধ রাজনীতি চলছে। বিশ্বভারতীকে দাঙ্গার আখড়ায় পরিণত করেছে। রাজনীতি করার আগে  বাংলাকে জানতে হবে। কেউ কেউ তো রবি ঠাকুরের জন্মস্থানই বদলে দিচ্ছেন!’

‘গান্ধীজিকেই ওরা সম্মান করে না। যারা গান্ধীজিকে হত্যা করেছিলেন,  তারা  ওদের নেতা বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।