পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ‘সিবিআই’ তল্লাশি
-
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র ঘনিষ্ঠ বলে পরিচিত বিনয় মিশ্র’র বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তল্লাশি চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতাদের পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশ্যে এসেছে।
আজ (বৃহস্পতিবার) কমপক্ষে ৬ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে বিনয় মিশ্রর দক্ষিণ কোলকাতার বাড়িতে। ওই বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের টেকনিক্যাল টিম ঘুরে গিয়েছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে।
ওই তল্লাশি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘তৃণমূলের অনেক নেতারা অবৈধ কাজে লিপ্ত। পশ্চিমবঙ্গ জুড়ে অসামাজিক-রাষ্ট্রবিরোধী কাজ চলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।'
বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘একজন পাওয়ার ব্রোকার বিনয় মিশ্রর বাড়িতে ‘সিবিআই’ তল্লাশি হয়েছে। তারপরেই জরুরি বৈঠক করছেন রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঘটনার পরে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো শিবিরে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। রাজ্যে এটাই এখন আলোচনার বিষয়।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। সেজন্য তল্লাশি ইস্যুতে বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কার্যত কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন।
অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপি বাংলার রাজনীতির আসল ইস্যু নিয়ে লড়ছে না। বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, নোট চাই, ভোট চাই। সেই নোট আর ভোট জোগাড় করতে বিজেপি যা যা করার তাই করছে। তারা যে সাধু উদ্দেশ্য নিয়ে নির্বাচন লড়ছে না তা প্রমাণিত।'
রাজ্য থেকে গরু এবং কয়লা পাচার ইস্যুতে সম্প্রতি সিবিআই তৎপরতা চালাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এ ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার সালকিয়া, কোন্নগরের বিভিন্ন এলাকায় কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।