পশ্চিমবঙ্গে ১৪ মে বিজেপির মৃত্যুদিন :  জ্যোতিপ্রিয় মল্লিক 
https://parstoday.ir/bn/news/india-i85745-পশ্চিমবঙ্গে_১৪_মে_বিজেপির_মৃত্যুদিন_জ্যোতিপ্রিয়_মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে বিজেপির মৃত্যুদিন, ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২১ ১৬:১০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে বিজেপির মৃত্যুদিন, ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।

তিনি আজ (শুক্রবার) হাবড়ায় দলীয় কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আগামী ১৪ জানুয়ারি সংক্রান্তির পরে তৃণমূল দল থেকে বেশকিছু নেতা বিজেপিতে যোগ দিতে পারে এবং এরফলে তৃণমূল বড়সড় ভাঙন সৃষ্টি হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আজ ওই মন্তব্য করেন।  

 

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যে তারিখে ভোট হবে বলে শোনা যাচ্ছে, সেটা যদি হয়, তাহলে ১৩ মে ভোট গণনা হবে। ১৪ মে বিজেপির মৃত্যু দিন। কারণ ওই দিন থেকে  বিজেপিকে এখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।’

জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বলেন ‘মুখ্যমন্ত্রীকে কেউ যদি হত্যা করে বিজেপি আশ্রিত মাফিয়ারা হত্যা  করবে। প্রথমে ওরা (বিজেপি) চরিত্রহনন করে। চরিত্রহননে যখন না পারে তখন তাঁকে খুন করে দেওয়া হয়। করলে ওরাই করবে। ওরা বাংলায় আগুন এখনও দেখেনি। বাংলার মানুষ যখন ক্ষেপে যাবে, যখন উত্তাল হয়ে উঠবে তখন ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল!’ ‘অসভ্য’, ‘বর্বর’ রাজনৈতিক দলের নাম হল বিজেপি, ওরা হিংসা ও খুনের রাজনীতি করে বলেও খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।

#

পার্সটুডে/এমএএইচ/আমির/১