বাংলায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না মমতা: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i87234-বাংলায়_অনুপ্রবেশ’_বন্ধ_করতে_পারবেন_না_মমতা_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না। বাংলায় পরিবর্তন হলে মানুষ কেন, পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কুচবিহারে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৭:১০ Asia/Dhaka
  • বাংলায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না মমতা: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না। বাংলায় পরিবর্তন হলে মানুষ কেন, পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কুচবিহারে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বিদায় দিয়ে রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেন।  

অমিত শাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কী মনে করেন ‘মমতা দিদি’ (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন? ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে এই ‘পরিবর্তন যাত্রা’র আয়োজন। আপনারা একবার পরিবর্তন করুন এবং বিজেপি’র সরকার তৈরি করুন।  আমি আপনাদের আশ্বাস দিতে চাই, মানুষ কেন, পাখি পর্যন্ত ঢুকতে পারবে না, আমরা এ ধরণের বাংলা গড়ব।’

বিজেপি’র বরাবরের দাবি, পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা  বেআইনিভাবে অনুপ্রবেশ করে আছে। তাদের মতে, বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী। কিন্তু বাংলাদেশ থেকে আসা অন্য ধর্মের মানুষজন শরণার্থী বা উদ্বাস্তু।

বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘এই পরিবর্তন যাত্রা হল ‘সোনার বাংলা’ গড়ার পরিবর্তন যাত্রা। বাংলায় এবার দু’শোর বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। মমতা দিদিকে অনেক সুযোগ দিয়েছেন। দশ বছর ধরে উনি শাসন করেছেন কিন্তু বাংলার উন্নতি হয়নি। নরেন্দ্র মোদিজীকে (প্রধানমন্ত্রী) একবার সুযোগ দিন পাঁচ বছরের মধ্যে আমরা আপনাদেরকে ‘সোনার বাংলা’ তৈরি করে দেবো’ বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ মন্তব্য করেন। 

অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাসীন তৃণমূলকে উৎখাতের আহ্বান জানানোর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।