বিজেপি বাংলাকে রক্ষা করতে চায় না: মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বাংলাকে বাঁচতে দিতে চায় না, বাংলাকে রক্ষা করতে চায় না।’ তিনি আজ (বৃহস্পতিবার) আলীপুরের উত্তীর্ণয় সামাজিক প্রতিনিধিদের এক সম্মেলনে ওই মন্তব্য করেন।
বিজেপিশাসিত ত্রিপুরার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘দেখে আসুন ত্রিপুরায়। কী অত্যাচার চলছে! মানুষ একটা ডায়েরি পর্যন্ত করতে পারে না। মানুষ বাইরে বেরোতে পারে না। কোনও প্রতিবাদ জানাতে পারে না।’
তিনি বলেন, ‘দেখে আসুন হরিয়ানা, পাঞ্জাবে, উত্তর প্রদেশে কৃষক আন্দোলন চলছে। রাস্তায় পেরেক পুঁতে রেখে দিয়েছে! দিল্লিতে দাঙ্গায় কত মানুষ মারা গেছে, সেই ‘ক্যা-এনআরসি-এনপিআর’ (সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন) নিয়ে।’ তিনি বিজেপি নেতা অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ‘আজকে আবার ক্যা-কু করতে এসেছে। ওই ক্যা-কু করে বেড়াও, এখানে ট্যা-ফু করা যাবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরে এসে এক জনসমাবেশে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় মমতা তার সমালোচনা করে বলেন, ‘ক্রিয়া হলে প্রতিক্রিয়া হয়। তিনি এসে যে কথাগুলো বললেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার কদর্যতা, দৈত্যপরায়ণ মনোভাব, যেন শারীরিকভাবে ধমকানি দিতে এসেছেন! আমি স্পষ্ট বলতে চাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ জিনিষ মানায় না। শোভনীয় নয়। নির্বাচনের লড়াইতে আসুন। কাকে ভয় দেখাচ্ছেন? ‘দিদি’ গলা কেটে দেবে, তবুও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না' বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।