জ্বালানি তেলের অগ্নিমূল্য: নেপাল থেকে অবৈধভাবে ভারতে পেট্রোল পাচার
ভারতের তুলনায় নেপালে পেট্রোল সস্তা হওয়ায় সেখান থেকে ভারতীয়রা পেট্রোল কিনছে। একইসঙ্গে নেপাল থেকে পেট্রোল পাচারের খবর প্রকাশ্যে এসেছে।
আসলে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম দিন দিন আকাশছোঁয়া হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে গেছে যে, প্রতিবেশী দেশের সীমান্ত নেপাল থেকে মানুষজন পেট্রোল পাচার করছে।
গণমাধ্যমে প্রকাশ, জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে চোরাকারবারিরা পুলিশ এবং এসএসবি জওয়ানদের এড়িয়ে পাচার করছে। ভারতের তুলনায় নেপালে পেট্রোল প্রায় ২২ টাকা কম। নেপালে কম দামে বিক্রি হওয়া তেল ভারত থেকে রফতানি করা হয়। পুরোনো চুক্তির অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনই নেপালের জন্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করে। আইওসি নেপালে কেবল ক্রয় মূল্যে জ্বালানি সরবরাহ করে। নেপাল থেকে কেবল রিফাইনারি ফি নেওয়া হয়।
সীমান্ত রক্ষিবাহিনী এসএসবির এসকে সারেঙ্গি বলেন, ডিজেল-পেট্রোল চোরাচালানের তথ্য পাওয়ার পরে সীমান্তবর্তী এলাকায় সতর্কতার জন্য আদেশ দেওয়া হয়েছে।
কিশানগঞ্জের এসপি কুমার আশীষ বলেন, এসএসবির সাথে সমন্বয় করে নজরদারি বাড়ানোর জন্য থানা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে।
ইন্দো-নেপালের যোগবাণী (বিহার) সীমান্ত খুব সতর্ক তবে এখানে অনেক জায়গা রয়েছে যেখান থেকে সহজেই যাতায়াত করা যায়। এক পেট্রোল পাম্পের মালিক বলেন, পেট্রোলের কম দামের কারণে চোরাচালান বিক্রয়কে প্রভাবিত করছে। অররিয়া, ফারবিসগঞ্জ, নরপাটগঞ্জ, ফোরলেনের সমস্ত পেট্রোল পাম্পের বিক্রয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর প্রদেশের গোরক্ষপুর, লখিমপুর খীরি এবং পিলিভিট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভারত থেকে নেপালগামী গাড়িগুলো সেখান থেকে পেট্রোল ট্যাঙ্ক পূর্ণ করে ফিরে আসে। কিছু লোক, পেট্রোল সস্তা হওয়ার কারণে তা ট্যাঙ্ক বা বোতলে এনে বাজারে বিক্রি করে।
এসএসবি কমান্ড্যান্ট মুন্না সিং বলেন, এসএসবি সতর্ক রয়েছে। এখনও পর্যন্ত পেট্রোল পাচারের কোনও ঘটনা পাওয়া যায়নি। করোনার কারণে লকডাউনের পরে নেপালে ভারতীয় যানবাহন প্রবেশ নিষিদ্ধ।
উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলের লোকেরাও নেপালে যান সস্তা পেট্রল কেনার জন্য। লকডাউনের কারণে প্রশাসন কেবলমাত্র নেপাল যাওয়ার জন্য নির্বাচিত ব্যবসায়ীদের পাস প্রদান করেছে। এ কারণেই ভারতের মানুষ নেপালের সস্তা পেট্রোলটির সুবিধা নিতে পারছে। একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত খোলার পরে পেট্রোলিয়াম পণ্যাদির পাচার বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে।
উত্তরাখণ্ডের তুলনায় নেপালে ডিজেল কমপক্ষে ২০ টাকা এবং পেট্রোল ১৭ টাকা সস্তা। বিহারের অররিয়ায় পেট্রোল প্রতি লিটারে ৯৩.৫০ টাকা। নেপালে প্রতি লিটার ৭০.৬২ টাকা।
উত্তর প্রদেশ লাগোয়া নেপালের ধনগড়িতে প্রতি লিটার পেট্রোল ৬৯ টাকা। ধনগড়িতে ডিজেলের দাম প্রতি লিটারে ৫৭.৭১ টাকা। উত্তর প্রদেশের সোনৌলিতে প্রতি লিটার ডিজেল ৮০.৯৬ টাকা। এখানে পেট্রোল প্রতি লিটারে ৮৮.৬৩ টাকা।
অন্যদিকে, উত্তরাখণ্ডের চম্পাওয়তে প্রতি লিটার পেট্রোল ৮৯.২৪ টাকা। এখানে প্রতি লিটার ডিজেল ৮১.২৯ টাকা। বনবসা সংলগ্ন নেপালের কাঞ্চনপুরে প্রতি লিটার পেট্রোল ৭১.২৫ টাকা। অন্যদিকে, এখানে ডিজেল প্রতি লিটার ৬০.৫২ টাকা।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।