পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে : শিবরাজ সিং চৌহ্বান
https://parstoday.ir/bn/news/india-i88050-পশ্চিমবঙ্গে_পরিবর্তনের_স্রোত_বইতে_শুরু_করেছে_শিবরাজ_সিং_চৌহ্বান
ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহ্বান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’য় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৫৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে : শিবরাজ সিং চৌহ্বান

ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহ্বান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’য় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।

রাজ্যে তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি মমতা দিদির কাছে জানতে চাই, কৃষক সম্মান নিধির আওতায় চাষীরা ৬ হাজার টাকা করে পেলে, তাঁর কী অসুবিধা হতো? শিবরাজের  অভিযোগ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতের সুবিধা  মানুষকে নিতে দেননি। এখানকার গরীব মানুষের জন্য যে রেশন ও ত্রিপল আসে, তা তৃণমূলের লোকেরা নিয়ে নেয়।’

শিবরাজ সিং চৌহান বলেন, ‘পশ্চিমবঙ্গ সর্বকালের শ্রেষ্ঠ ভূমি। এই মাটির প্রতি সত্যিই হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। কিন্তু এখন চারদিকে দুর্নীতি। প্রথমে কংগ্রেস বরবাদ করেছে। তারপরে তৃণমূল। তৃণমূল এখন ভাঙো-মারো-কাটোতে পরিণত হয়েছে। মিছিলের গাড়ি ভাঙা হচ্ছে। কর্মীদের মারা হচ্ছে। বিজেপির ১৩০-এর বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের আত্মত্যাগ ব্যর্থ হবে না।’

পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া চলছে। নিশ্চিতভাবে বিজেপি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে। আগামী ২ মে ‘দিদি’ (মমতা) বিদায় নেবেন বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আজকের ব্রিগেড সমাবেশে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের তৎপরতা প্রসঙ্গে বলেন, ‘সম্পূর্ণ সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ! পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন।   পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন। বিজেপি সাম্প্রদায়িক আর ‘ভাইজানের’ (আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি) রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি! কোন ধর্মনিরপেক্ষতার স্লোগানগুলো আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখল? আমরা কংগ্রেসের বক্তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, বিপিন চন্দ্র পালের নাম শুনলাম। ১০ হাজার কংগ্রেস কর্মী খুন হওয়ার দাবি করা নেতাদের মুখেও ইনকিলাব জিন্দাবাদ শুনলাম। কিন্তু এতবড় ব্রিগেডে একবারও ‘বন্দে মাতরম’ শব্দ উচ্চারিত হল না!’

‘সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার কাছে, ভাইজানের কাছে, মুহাম্মাদ সেলিমের (সিপিএম নেতা) কাছে, তাদের এই নয়াবিন্যাসের কাছে আত্মসমর্পণ করেছে শতাব্দীপ্রাচীন কংগ্রেস। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেছেন, যারা ‘জয় শ্রীরাম’ ধ্বনির মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পেয়েছেন, তারা আজ আত্মসমর্পণ করলেন তাদের কাছে। কী হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? পশ্চিমবঙ্গকে এঁরা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা সময়ই বলে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন’ বলেও বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।