করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
https://parstoday.ir/bn/news/india-i88194-করোনা_ভ্যাকসিনের_প্রমাণপত্রে_প্রধানমন্ত্রীর_ছবি_থাকায়_নির্বাচন_কমিশনে_নালিশ_তৃণমূলের
করোনা ভ্যাকসিনের প্রমানপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা হওয়ায় এ ধরণের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এরফলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ওই বিষয়ে অভিযোগ জানান, তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২১ ১৭:০৬ Asia/Dhaka
  • তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
    তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

করোনা ভ্যাকসিনের প্রমানপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা হওয়ায় এ ধরণের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এরফলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ওই বিষয়ে অভিযোগ জানান, তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এরআগে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। তারপরও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ সার্টিফিকেটে ব্যবহৃত হচ্ছে।’

এ প্রসঙ্গে আজ (বুধবার) তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোভিডের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ দেওয়া হচ্ছে। এটা নির্বাচন বিধিকে লঙ্ঘিত করছে। এবং অবিলম্বে ওই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক।’

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি এ প্রসঙ্গে বলেন,  ‘আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ওই কাজ। যেমন আদর্শ আচরণ বিধি কার্যকরের আগে যদি কোনও রাস্তার কাজ যদি শুরু হয়ে যায় তা বন্ধ করা হয় না, চলতেই থাকে। আমার মনে হয় সরকারি প্রক্রিয়া এটা আগেই শুরু হয়ে গেছে, সেটাই চলছে। এরমধ্যে নতুন করে কিছু হচ্ছে না।’

অন্যদিকে, করোনা ভ্যাকসিনের নথিতে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাশাপাশি দেশের একাধিক বিরোধী দল উষ্মা প্রকাশ করেছে। পঞ্জাবের শাসকদল কংগ্রেস থেকে মহারাষ্ট্রের এনসিপি, সকলেই নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির বিরোধিতা করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।