‘নিজের নাম ভুললেও নন্দীগ্রামকে ভুলব না’ মনোনয়নপত্র জমা দিয়ে বললেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i88486-নিজের_নাম_ভুললেও_নন্দীগ্রামকে_ভুলব_না’_মনোনয়নপত্র_জমা_দিয়ে_বললেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন। আজ (বুধবার) হলদিয়ায় মহকুমা প্রশাসকের দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০২১ ১৬:১০ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন। আজ (বুধবার) হলদিয়ায় মহকুমা প্রশাসকের দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি পদযাত্রা করে মহকুমা প্রশাসকের দফতরে  যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময়ে কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁর সঙ্গে পা মেলান। এরপরে মহকুমা  প্রশাসকের দফতরে সমস্ত নিয়মাবলি মেনে মনোনয়ন পেশ করেন মমতা। এ দিন মনোনয়নের সময় তাঁর পাশে দেখা যায় তৃণমূলের অপর শীর্ষ নেতা সুব্রত বক্সীকে। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনিই মমতার নির্বাচনী এজেন্ট হয়েছেন।

মনোনয়ন পেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘আমার মনোনয়ন পত্রে ৪ জন প্রস্তাবক। প্রস্তাবকের তালিকায় শহিদ পরিবারের মেয়ে আছেন। শেখ  সুফিয়ান আমার নির্বাচনী এজেন্ট। আমি সবসময় নন্দীগ্রাম আন্দোলনের  সঙ্গে ছিলাম। নিজের নাম ভুললেও নন্দীগ্রামকে ভুলব না। আশা করব নন্দীগ্রামের মানুষ খুশি। ইচ্ছে ছিল একবার নন্দীগ্রাম বা সিঙ্গুর থেকে দাঁড়ানোর। নন্দীগ্রাম শুধু একটা নাম নয়, নন্দীগ্রামের অপর নাম সংগ্রাম। নন্দীগ্রামের মানুষকে স্যালুট জানাই। আমি আশাকরি নন্দীগ্রামের সবাই আমাকে ভোট দেবেন।’

নন্দীগ্রামে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁকে মোকাবিলা করতে বিজেপি সেখানে মাঠে নামিয়েছে তাঁরই একসময়ের সহকর্মী শুভেন্দু অধিকারীকে। বামফ্রন্ট আমলে নন্দীগ্রামের জমি আন্দোলনে ছিলেন মমতার পাশাপাশি শুভেন্দুও। কিন্তু রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এভাবে নন্দীগ্রাম কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের সাবেক মন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠেছে।  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।