দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বাঁচবে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89002-দিল্লির_স্তাবকতা_করে_বাংলার_মানুষ_বাঁচবে_না_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় এমপি বলেছেন, দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বাঁচবে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (সোমবার) তমলুক হাসপাতাল মোড়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০২১ ১৩:৩৬ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় এমপি
    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় এমপি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় এমপি বলেছেন, দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বাঁচবে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (সোমবার) তমলুক হাসপাতাল মোড়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলছে পিএম কিষাণ সম্মান নিধি, ৬ হাজার টাকা করে কৃষকদের দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে দিচ্ছে না। কিন্তু আমাদের (তৃণমূল) ঘোষণা হয়েছে যে তোমাদের প্রকল্পও লাগবে না, টাকাও লাগবে না। কাঁচকলা। ভাই দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বাঁচবে না। কখন তোমরা টাকা দেবে, আর বাংলার মানুষ টাকা নেবে, তার দরকার নেই।’

অভিষেক বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতি বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায়। সাত বছরে সংখ্যাটা কত হয়? পাঁচ লাখ পচিশ হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী) বলেছেন তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। ২ মে সরকার গঠন হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের ৬ হাজার টাকার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ৬৮ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে একর পিছু দশ হাজার টাকা দেবে।’

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের ৬ হাজার টাকা লাগবে না। বাংলার মেয়ে (মমতা) ১০ হাজার টাকা দেবে। বিজেপি দিল্লিতে ১৫০০ কোটি টাকার পার্টি অফিস করেছে। বিজেপি নেতা ৬ কোটির গাড়িতে ঘুরছেন। একেরপর এক দুর্নীতি। আরেকদিকে বাংলার মেয়ে। টালির চালের ছাদের ঘরের তলায় থেকে, হাওয়াই চটি পরে কৃষকদের ১০ হাজার টাকা দিচ্ছে। অন্যদিকে, দিল্লির নেতারা ১৫০০ কোটি টাকার পার্টি অফিস করে কৃষকদের ৬ হাজার টাকা পাঠাচ্ছে’ সেজন্য কাকে সমর্থন করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।’

বিজেপি লোকসভা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব পালনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করা হয়েছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।  #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।