বাংলাকে যেন কেউ দখল করতে না পারে এটা তার নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90364-বাংলাকে_যেন_কেউ_দখল_করতে_না_পারে_এটা_তার_নির্বাচন_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলাকে যেন কেউ দখল করতে না পারে এটা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০২১ ১৪:১৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলাকে যেন কেউ দখল করতে না পারে এটা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘এবারের নির্বাচন মনে রাখবেন বাংলা বাঁচানোর নির্বাচন, বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কি না তার নির্বাচন। রবীন্দ্রনাথ, নজরুল, পঞ্চানন বর্মা, হরিচাঁদ-গুরুচাঁদ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস দেব থাকবে কি না তার নির্বাচন। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভাষায় কথা বলতে পারব কি না তার নির্বাচন। এই নির্বাচন মনে রাখবেন বাংলাকে আগামীদিনে বাঁচানোর নির্বাচন। বংলা যেন বাংলাই থাকে, বাংলাকে যেন কেউ দখল করতে না পারে তার নির্বাচন।’  

মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভোটটা অবশ্যই দেবেন। না হলে বিজেপি জানেন তো দুটো আইন করে এখনও রেখে দিয়েছে। একটা এনপিআর (জাতীয় জনসংখ্যা নিবন্ধন), একটা এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি)। আরেকটা অন্য আইন করে রেখে দিয়েছে। ফলে আপনি যদি ভোট না দেন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে, ওরা অসমে ১৪ লাখ বাঙালিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। অসমে নির্বাচন ৬ তারিখে হয়ে গেছে, এবং ৮ তারিখ থেকে আবার ‘ডি নোটিশ’ দিতে শুরু করেছে। কাজেই মনে রাখবেন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার প্রশ্ন নেই। আমি এনআরসি করতে দেবো না, আমি এনপিআর করতে দেবো না। আমি উদ্বাস্তুদের সম্পূর্ণ জমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। উদ্বাস্তুরা যে যেখানে আছেন সবাই জমির দলিল পাবেন। চিন্তা করার কোনও কারণ নেই।’ 

‘আপনারা সবাই নাগরিক। আমরা সবাই নাগরিক। এটা মাথায় রাখতে হবে’বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #    

পার্সটুডে/এমএএইচ/এমবিএ//১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।