নির্বাচন কমিশন বিজেপিকে মদদ দিচ্ছে, সুপ্রিম কোর্টে যাবো: মমতা বন্দ্যোপাধ্যায়  
https://parstoday.ir/bn/news/india-i90662-নির্বাচন_কমিশন_বিজেপিকে_মদদ_দিচ্ছে_সুপ্রিম_কোর্টে_যাবো_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণ মদদ দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বহরমপুরে রবীন্দ্র সদন অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ১৩:৩৩ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণ মদদ দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বহরমপুরে রবীন্দ্র সদন অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।   

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচন কমিশন একেকজন বিজেপি নেতাদের জন্য ৫০ টা করে সিএপিএফ (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স) দিয়েছে। ওরা গুণ্ডা, ক্রিমিনাল। আসানসোলে যারা ক্রিমিনাল, কোলকাতায় যারা ক্রিমিন্যাল, সারা জেলায় যারা ক্রিমিনাল তাদের সাথে ১০/২০ জন করে কেন্দ্রীয় পুলিশ দিয়ে দিয়েছে! ওদের প্রোটেকশনের কাজ করছে। দেশের যত কেন্দ্রীয় বাহিনী অমিত শাহ তুলে নিয়ে বিজেপির নেতা থেকে কর্মী সবাইকে দিয়ে দিয়েছে। তারা এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে।  কোভিড বিধি মেনে নির্বাচন করতে বাধ্য হচ্ছি। প্রথমেই বলেছিলাম ৮ দফার নির্বাচন করার দরকার নেই। কিন্তু নির্বাচন কমিশন তা শোনে নি।’ 

মমতা বলেন, ‘নৈহাটি, জগদ্দল, ভাটপাড়ায় নির্বাচন হচ্ছে, কিন্তু ওইসব জায়গায় নির্বাচন কমিশন সিএপিএফ পাঠিয়ে বিজেপিকে মদদ দিয়েছে। নির্বাচন কমিশনের এখানে একটা পুলিশের পর্যবেক্ষক আছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ন্ত্রণ করছে যারা অফিসিয়াল সক্রিয় কর্মকর্তা তাদের। এটা হচ্ছে অবৈধ। এটা অবৈধ ও অসাংবিধানিক। কিন্তু নির্বাচন কমিশন শুনছে না। কারণ, নির্বাচন কমিশন হয়ে গেছে বিজেপির আয়না।’ 

তিনি বলেন, ‘এ পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে এবং হচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনও বিকল্প নেই। তৃণমূল কগ্রেসই ক্ষমতায় থাকবে। প্রত্যেকটা এসপিকে পাল্টে দেওয়া হয়েছে। বিজেপি যা বলেছে নির্বাচন কমিশন তাই করেছে। যা ইচ্ছে তাই করছে।’   

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে মমতা এ ব্যাপারে দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার স্বার্থে আগামীতে সুপ্রিম কোর্টে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরইমধ্যে সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।