পাঞ্জাবে নতুন জেলা সৃষ্টিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীদের পাল্টাপাল্টি মন্তব্য
https://parstoday.ir/bn/news/india-i91728-পাঞ্জাবে_নতুন_জেলা_সৃষ্টিকে_কেন্দ্র_করে_মুখ্যমন্ত্রীদের_পাল্টাপাল্টি_মন্তব্য
ভারতের পাঞ্জাবের নয়া জেলা হিসেবে গত (শুক্রবার) ঈদুল ফিতরের দিন আত্মপ্রকাশ করেছে মালেরকোটলা জেলা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৬, ২০২১ ১৫:১৭ Asia/Dhaka
  • পাঞ্জাবে নতুন জেলা সৃষ্টিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীদের পাল্টাপাল্টি মন্তব্য

ভারতের পাঞ্জাবের নয়া জেলা হিসেবে গত (শুক্রবার) ঈদুল ফিতরের দিন আত্মপ্রকাশ করেছে মালেরকোটলা জেলা।

কিন্তু এই নয়া জেলা নিয়ে কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথের পাল্টা জবাব দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।   

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গত ঈদের দিন রাজ্যের ২৩তম জেলা হিসেবে মালেরকোটলার নাম ঘোষণা করেন। সাঙ্গরুর জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের মালেরকোটলায় মূলত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। এর পাশে রয়েছে অমরগড় এবং আহমেদগড় জেলা।   কংগ্রেসশাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নয়া জেলার ঘোষণা দেওয়ায় বেজায় চটেছেন হিন্দুত্ববাদী ফায়ারব্রান্ড নেতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গতকাল (শনিবার) তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় অধ্যূষিত এলাকাকে পৃথক জেলা ঘোষণা কংগ্রেসের ‘বিভাজনমূলক নীতির প্রতিফলন’। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় আদিত্যনাথ বলেন, কোনও মানুষের বিশ্বাস ও ধর্মের উপরে ভিত্তি করে কোনও কাজ করা দেশের সংবিধানের পরিপন্থী। এ অবস্থায় মালেরকোটলা জেলা গঠন কংগ্রেসের বিভাজন নীতিরই প্রতিফলন ঘটাচ্ছে।

যোগী আদিথ্যনাথের সমালোচনার পাল্টা জবাব দিতে অবশ্য দেরী করেননি পাঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি আদিত্যনাথের  উপরেই বিভাজন নীতির দোষ চাপিয়েছেন। তিনি বলেন, যোগী আদিত্যনাথের বক্তব্য বিজেপির বিভাজনমূলক নীতিমালার মহড়া হিসেবে শান্তিপূর্ণ পাঞ্জাবে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরির প্রয়াস। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মলেরকোটলাকে পাঞ্জাবের ২৩ তম জেলা হিসেবে ঘোষণার পরে বলেন, দীর্ঘদিনের এই অপেক্ষমান দাবী পূরণ করা হয়েছে। ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মালেরেরকোটলা জেলা ঘোষণার সময়ে দেশের ধর্মনিরপেক্ষ ছবির কথা উল্লেখ করেন। তিনি বলেন, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গসহ অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘সাম্প্রদায়িক শক্তি’কে খারাপভাবে পরাজয়ের মুখে পড়তে হয়েছে।    

নতুন এই জেলায় ৫০০ কোটি টাকা ব্যয়ে সরকারি মেডিক্যাল কলেজ, একটি মহিলা কলেজ, একটি নতুন বাস স্ট্যান্ড আর একটি মহিলা থানা বানানো হবে। মুসলিম বহুল এলাকা মলেরকোটলা এতদিন সঙ্গরুর জেলার অংশ ছিল।  

নতুন জেলা ঘোষণা করার পরে মুখ্যমন্ত্রী বলেন, শিগগিরি নতুন জেলায় জেলা প্রশাসক নিয়োগ করা হবে। মালেরকোটলার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় ছেলে-মেয়েদের ডাক্তার হওয়ার যোগ্য করে তোলার জন্য নবাব শের মুহাম্মাদ খানের নামে শিগগিরি ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে, যার জন্য রাজ্য সরকার ইতোমধ্যে রায়কোট রোডে ২৫ একর জমি বরাদ্দ করেছে।  

তিনি আরও বলেন, এ জন্য ৫০ কোটি টাকার প্রথম কিস্তি এরইমধ্যে অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার জন্য মেয়েদের  একটি সরকারী কলেজ স্থাপনেরও ঘোষণা করেন, যার জন্য এখন মেয়েদের অনেকদূর যেতে হয়। তিনি বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন বাস স্টেশন তৈরি করা হবে এবং মালেরকোটলায় একটি মহিলা থানাও হবে। সেখানকার সমস্ত কাজকর্ম মহিলা কর্মীরাই করবেন বলেও মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং মন্তব্য করেন। # 

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।