নারদা মামলায় গৃহবন্দি থাকতে হবে রাজ্যের ৪ নেতা-মন্ত্রীকে
-
রাজ্যের ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলার জামিনের শুনানি শেষ হওয়ার পর কোলকাতা হাই কোর্ট ফিরহাদ হাকিমসহ রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। আজ (শুক্রবার) হাইকোর্টের পক্ষ থেকে ওই নির্দেশ দেওয়া হয়।
আজ কোলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের পক্ষে ছিলেন না। কিন্তু ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে মত দেন। দুই বিচারপতির মতভেদের কারণেই নারদা মামলায় অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত (সোমবার) নারদা দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ও কোলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
আজ কোলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়। রাজ্যের ওই নেতা-মন্ত্রীদের জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় হাইকোর্ট শুনানির জন্য ৩/৫ সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ গড়ছে বলে জানা গেছে। যদিও নয়া শুনানির দিনক্ষণ এখনও স্পষ্ট হয়নি।
হাইকোর্ট বলেছে অভিযুক্তরা গৃহবন্দি থাকাকালীন তাদের বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সে তাঁরা কাজ করতে পারবেন কিন্তু তাঁর সমস্ত রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি কার সঙ্গে, কী কথা হচ্ছে, রাখতে হবে তার রেকর্ড। গৃহবন্দি অবস্থায় বাড়িতে কে আসছেন, তাও রাখতে হবে রেকর্ড। সিসিটিভি না থাকলে, তা রাখার ব্যবস্থা করতে হবে। সিসি ক্যামেরা না থাকলে জেল কর্তৃপক্ষকে বাড়ির বাইরে তা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।