জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে ওই সংঘর্ষ হয়।
আজ বেসরকারি এনডিটিভি হিন্দি ওয়েবসাইট কাশ্মীর পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, পুলওয়ামার নামিবিয়ান-মারসার বনভূমিতে একটি সংঘর্ষের সময়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে। নিহতদের মধ্যে একজন পাকিস্তান জঈশ-ই-মুহাম্মাদ গোষ্ঠীর শীর্ষ কমান্ডার লম্বু। পুলিশের কর্মকর্তা বিজয় কুমার বলেন, দ্বিতীয় সন্ত্রাসীর পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে।
আজ (শনিবার) কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, আজ সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার একটি বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ জঈশ সন্ত্রাসী মুহাম্মাদ ইসমাইল আলভি ওরফে লম্বুসহ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ইসমাইল আলভি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনায় জড়িত ছিল। পুলওয়ামা জেলার লেঠপোরা এলাকায় ওই ঘটনায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে, নিরাপত্তা বাহিনী শনিবার সকালে নামিবিয়ান এবং তারসার বনভূমি ও দচিগাম এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। এ সময়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দিলে দুই সন্ত্রাসী নিহত হয়।#
পার্সটুডে/ এমএএইচ/ বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।