পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i96172-পশ্চিমবঙ্গে_নির্বাচন_পরবর্তী_সময়ে_সহিংসতার_বিষয়ে_সিবিআই_তদন্তের_নির্দেশ_অখুশি_তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) তদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) আদালত এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হলেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০২১ ১৫:১৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) তদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) আদালত এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হলেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।

আজ কোলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় রায়দান করে। হত্যা,, গণধর্ষণ, ধর্ষণের মতো বড় ঘটনাগুলোর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বাসায়  অগ্নিসংযোগ, মারধর, ভাঙচুরের মতো বিষয় তদন্তে ৩ সদস্যের ‘সিট’  গঠনের  নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ  দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলো বিবেচিত হবে। আমরা মনে  করি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাইকোর্ট নিয়ে এখন কোনও মন্তব্য করছি না।’   

তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, আমি এই রায়ে অখুশি। কারণ, আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের বিষয় কিন্তু তার মধ্যে বারবার সিবিআইয়ের (কেন্দ্রীয় তদন্ত সংস্থা)চলে আসা কাম্য নয়। রাজ্য সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববে এবং প্রয়োজন মনে করলে আপিলে যাবে। যদি রায় বলবৎ থাকে তাহলে ‘সিবিআই’ বা ‘সিট’  যা তদন্ত করার করবে।  কিন্তু আমি মনে করছি এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করবে। এটাকে আটকানোর চেষ্টা করা হবে। বিজেপি নির্বাচনে জনগণের আদালতে পরাজিত হয়ে এখন হাই কোর্টের আশ্রয় নিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’ 

রাজ্যের শাসকদল অখুশি হলেও,  গেরুয়া শিবির এই রায়ে যথেষ্ট খুশি। হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষএমপি ও অন্যরা। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।