বিজেপি বাংলার ঐতিহ্য না জেনে বাংলা ভাগের দাবি তুলছে: ব্রাত্য বসু
https://parstoday.ir/bn/news/india-i96326-বিজেপি_বাংলার_ঐতিহ্য_না_জেনে_বাংলা_ভাগের_দাবি_তুলছে_ব্রাত্য_বসু
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, বিজেপি বাংলার ঐতিহ্য না জেনে বাংলা ভাগের দাবি তুলছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০২১ ১৪:৫২ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু
    ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু

ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, বিজেপি বাংলার ঐতিহ্য না জেনে বাংলা ভাগের দাবি তুলছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

ব্রাত্য বসু বলেন, ‘গত কিছুদিন ধরে বিজেপি বিশেষকরে আমাদের এখানে নির্বাচনে কচুকাটা হওয়ার পরে থেকে থেকে বাংলা ভাগের দাবি তুলছে। কেন ওই দাবি তুলছে আমরা জানি না। রাজনীতির কোন অঙ্কে, কোন হিসেবনিকেশে বাংলার ইতিহাস না জেনে বাংলার ঐতিহ্য না জেনে এমন দাবি করছেন জানি না। তারা নিজেদেরকে শ্যামাপ্রসাদের দল বলেন। বাংলার বিভাজন এবং পশ্চিমবঙ্গ অটুট রাখা ইত্যাদির উত্তরসূরি হিসেবে দাবি করেন। সেখানে তারা পরস্পর বিরোধী বিভিন্ন মন্তব্য করছেন। এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি পরস্পর বিরোধী কথা বলেছেন। গত ১৬ জুন এবং ১৯ জুন বিজেপি এমপি জন বার্লা বাংলা বিভাজনের দাবি তোলেন। কিন্তু ২২ জুন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জন বার্লার মন্তব্যে তাদের কোনও অনুমোদন নেই। পরবর্তীতে তিনি আবার অন্য কথা বলেছেন।’  

কেন্দ্রীয় বিজেপি সরকার সব বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু বলেন, ‘দেশ তো বেচে দিচ্ছে। ‘সেইল’ বেঁচে দিয়েছে, টেলিফোন বেচে দিচ্ছে, জমি বেচে দিচ্ছে। সব তো বিক্রি করে দিচ্ছে। পুরোটা তো বেচুবাবু তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে বিজেপির অর্থনীতির দর্শন। তারা একদিকে মুখে আত্মনির্ভর হওয়ার কথা বলছেন, অন্যদিকে দেশের প্রত্যেকটা সম্পদ ধরে ধরে বিক্রি করে দিচ্ছে। বিজেপির এই দ্বিচারিতা মানুষ আর কতদিন নেবেন আমি জানি না।’

‘এই সরকারের বিরুদ্ধে কৃষকরা রাস্তায়, ছাত্ররা রাস্তায়, সুশীল সমাজ রাস্তায়, এবার মধ্যবিত্তও রাস্তায় নামবে, ঘণ্টা বেজে গেছে’ বলেও মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।# 

    

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।