'আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি'
https://parstoday.ir/bn/news/india-i96472-'আফগানিস্তানের_পরিস্থিতি_ভালো_নয়_আমরা_আমাদের_লোকজনকে_সরিয়ে_নিচ্ছি'
আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে  নয়াদিল্লীতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৩ Asia/Dhaka
  • 'আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি'

আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে  নয়াদিল্লীতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

ওই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে। ৩১ টি দলের ৩৭ জন নেতা এতে অংশগ্রহণ করেন। সকলেই তাদের বক্তব্য তুলে ধরেছেন। তালেবানের প্রতি ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি হয়নি, এটা ঠিক হতে দিন।   

এস জয়শঙ্কর বলেন, আমরা আজ আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অবহিত করেছি। আমাদের মনোযোগ সেখান থেকে সরিয়ে নেওয়ার দিকে এবং সরকার মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য সবকিছু করছে। সব দলের অভিমত একই, আমরা জাতীয় ঐক্যের চেতনায় বিষয়টি নিয়ে কথা বলেছি।    

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশন 'দেবী শক্তি'র অধীনে আমরা ৬টি ফ্লাইট পরিচালনা করেছি। আমরা অধিকাংশ ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে এনেছি। কিন্তু সবাইকে ফিরিয়ে আনতে পারেনি কারণ ফ্লাইটের দিন কিছু লোক পৌঁছাতে পারেনি। আমরা অবশ্যই সেখান থেকে সবাইকে বের করে আনার চেষ্টা করব। আমরা কিছু আফগান নাগরিককেও সরিয়ে নিয়েছি।  

এস জয়শঙ্কর আরও বলেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীদিনে আরো অনেক বৈঠক হবে। একইসময়ে, আমরা আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটও দেখছি এবং সেখানে অনুষ্ঠিত বৈঠকে আমাদের ভূমিকা স্বীকৃত। আমাদের স্বার্থ/ভূমিকা বা কূটনীতি আন্তর্জাতিক সিদ্ধান্তেও স্বীকৃত। আমরা অন্যান্য অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছি। গত দু’দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন।     

সর্বদলীয় বৈঠকের পরে প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা  মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘এটি গোটা দেশের সমস্যা। আমাদেরকে জনগণ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। ওনারা আমাদের অপেক্ষা করতে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন।’ সব মিলিয়ে আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে ভারত ‘ধীরে চলো’ নীতিতে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/ এমএএইচ/  বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।